নজরবন্দি ব্যুরো: খুব দ্রুত এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করবেন বলে কথা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শুক্রবার বিকাশ ভবনে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রায় দেড় ঘন্টা বৈঠক করেন তিনি। আগামী ১লা ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ সংক্রান্ত সমস্ত জটিলতা কাটবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী, এমনটাই বক্তব্য চাকরিপ্রার্থীদের। ব্রাত্য বসুর পাশাপাশি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন এসএসসি চেয়ারম্যান, প্রিন্সিপ্যাল সেক্রেটারি এবং তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে CPIM কর্মীকে পিটিয়ে খুন, ১২ জন TMC কর্মীকে যাবজ্জীবন দিল আদালত


চলতি মাসে দ্বিতীয়বার চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এর আগে আন্দোলনের ১০০০ তম দিনে ধর্মতলায় মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানান চাকরিপ্রার্থীদের মধ্যে কয়েকজন। পরিস্থিতি এতটাই লজ্জাজনক হয়ে ওঠে যে ঘটনাস্থলে তড়িঘড়ি যান কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর মধ্যস্থতাতেই প্রথম দফার বৈঠক হয় শিক্ষামন্ত্রীর সঙ্গে। এরপর আজ ফের একবার চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসলেন তিনি।

এদিকে আবার এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীদের নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলছে সুপ্রিম কোর্টে। তাই সেই মামলার নিষ্পত্তি না হলে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। মামলাটির শুনানি আপাতত পিছিয়ে গিয়েছে। আগামী ২রা জানুয়ারি এই মামলার শুনানি হবে। তার পরেই নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করবে রাজ্য সরকার।



চাকরিপ্রার্থীদের সঙ্গে দেড় ঘন্টা বৈঠক ব্রাত্যর, দিলেন নিয়োগের আশ্বাস, কবের মধ্যে?
তবে, চাকরিপ্রার্থীদের দাবি, আগামী ১লা ফেব্রুয়ারির মধ্যে সমস্যা সমাধান করার। এদিন বৈঠক শেষে ব্রাত্য বসু (Bratya Basu) জানান, “১লা ফেব্রুয়ারির মধ্যে সমস্যার সমাধান চাইছেন তাঁরা একথা ঠিক। কিন্তু বিষয়টা খুবই জটিল। দিনক্ষণ এখনই নির্দিষ্ট করে বলা যাবে না। তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রী চান দ্রুত সমস্যার সমাধান হোক। আদালতের নির্দেশ অমান্য করা যায় না। আমি খুব কম সময়ের মধ্যে চাকরিপ্রার্থীদের সঙ্গে দু’বার বৈঠকে বসলাম। নিয়োগ হবে, কিন্তু কবের মধ্যে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।’’








