এক সংলাপেই ঝড়! পাকিস্তান-বিরোধী মন্তব্যের জেরে মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ ‘বর্ডার ২’

পাকিস্তান-বিরোধী সংলাপের জেরে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে নিষিদ্ধ ‘বর্ডার ২’। দেশে অগ্রিম বুকিংয়ে ঝড় তুললেও আন্তর্জাতিক বাজারে বড় ধাক্কা সানি দেওলের ছবিতে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশে মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলছে ‘বর্ডার ২’। কিন্তু সেই দেশপ্রেমের উন্মাদনার মাঝেই বড় ধাক্কা—মধ্যপ্রাচ্যের একাধিক দেশে নিষিদ্ধ হল বহু প্রতীক্ষিত এই ছবি। ট্রেলারে থাকা একটি পাকিস্তান-বিরোধী সংলাপ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক, যার জেরে ভারতের বাইরে ছবির বিজয়রথ থমকে গেল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজারে।

সদ্য প্রকাশিত ট্রেলারে জওয়ানের উর্দিতে সানি দেওল-এর কণ্ঠে শোনা যায় বিতর্কিত সংলাপ—‘ইদে ভারতে যত পাঁঠা জবাই হয়, পাকিস্তানে তত লোকও নেই’। এই সংলাপ সোশ্যাল মিডিয়ায় যেমন উচ্ছ্বাস তৈরি করেছিল, তেমনই কড়া আপত্তির মুখে পড়েছে বিদেশের বাজারে। ২৭ বছর পর দেশপ্রেমের গাথা নিয়ে ফেরা বর্ডার ২ ইতিমধ্যেই অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়ার পথে, সিনেবিশেষজ্ঞদের মতে ওপেনিং ডে-তেই ৩০ কোটির গণ্ডি পেরোনোর ইঙ্গিত মিলছে।

কিন্তু মুক্তির ঠিক আগে বলিউড সূত্রে খবর, পাকিস্তান-বিরোধী প্লট ও একাধিক সংলাপের কারণে সংযুক্ত আরব আমিরশাহীর আওতাধীন মধ্যপ্রাচ্যের বহু দেশে ছবিটি প্রদর্শনের অনুমতি মেলেনি। সংযুক্ত আরব আমিরশাহী ছাড়াও বাহারিন, কুয়েত, ওমান, কাতার ও সৌদি আরবে মুক্তি পাচ্ছে না সানি দেওল, বরুণ ধাওয়ানদিলজিৎ দোসাঞ্ঝ অভিনীত এই ছবি।

নির্মাতারা মধ্যপ্রাচ্যের বাজারে রিলিজের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালালেও তাতে ফল মেলেনি। সূত্রের দাবি, শুধুমাত্র একটি নয়—ট্রেলারে থাকা একাধিক পাক-বিরোধী সংলাপ ও আবেগপ্রবণ যুদ্ধচিত্রই এই নিষেধাজ্ঞার মূল কারণ। অতীত অভিজ্ঞতা মাথায় রেখে এমন আশঙ্কা আগে থেকেই ছিল, আর শেষ পর্যন্ত সেটাই বাস্তব হল।

তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে খুব একটা চিন্তিত নন নির্মাতারা। কারণ ভারতের বাজারে ‘বর্ডার ২’-এর অগ্রিম বুকিং ইতিমধ্যেই শক্তপোক্ত বক্স অফিস সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। উল্লেখ্য, এর আগেও সানি দেওল অভিনীত ‘গদর ২’ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে নিষিদ্ধ হয়েছিল।

এই ঘটনা নতুন নয়। অতীতে ‘স্কাই ফোর্স’, ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘আর্টিকেল ৩৭০’, ‘টাইগার ৩’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ এমনকি হৃতিক রোশন–দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ফাইটার’-ও মধ্যপ্রাচ্যে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। কিছু ক্ষেত্রে সংলাপ ও দৃশ্য কাটছাঁট করে পরে মুক্তি পেলেও, ‘বর্ডার ২’-এর ক্ষেত্রে আপাতত সেই পথ খোলা থাকছে না বলেই ইঙ্গিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত