দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছিলেন খালেদা জিয়া। সেই বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অবিলম্বে জেলমুক্তি নির্দেশ দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। চলমান সার্বিক পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। পাশাপাশি প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, তাঁর মা আর রাজনীতিতে ফিরবেন না।
সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘এত পরিশ্রম করার পরেও তাঁর বিরুদ্ধে যেভাবে আন্দোলন হল, তাতে তিনি (শেখ হাসিনা) অত্যন্ত হতাশ হয়েছেন।’
প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ। তিনি বলেছেন, তাঁর মা গতকাল (রোববার) থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন। পরিবারের চাপে নিজের নিরাপত্তার কথা ভেবে দেশে ছেড়েছেন তিনি। উনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। উনি যে সময়ে ক্ষমতায় এসেছিলেন, তখন করুণ অবস্থা ছিল দেশের। কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তি। উনি খুবই হতাশ।
অন্যদিকে, আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ (সোমবার রাতে) এক বার্তায় জানিয়েছেন। আজ মধ্যরাত ১২টা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আগামীকাল মঙ্গলবার সকাল হতে বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।



