ভোটার তালিকা থেকে বাদ পড়া যোগ্য ভোটারদের নাম ফের তোলার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বুথ লেভেল অফিসাররা (BLO)। বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া ভোটারদের সঙ্গে যোগাযোগ করতে গেলে তাঁদের উপর হামলা বা হেনস্থার আশঙ্কা রয়েছে বলে দাবি করেছে বিএলওদের সংগঠন। বিশেষ করে রাজ্যের আটটি জেলার কিছু স্পর্শকাতর এলাকা নিয়ে বাড়তি উদ্বেগের কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) নীলম মীনাকে চিঠি দিয়েছে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, পুরনো ও নতুন ভোটার তালিকা মিলিয়ে যাঁদের নাম বাদ পড়েছে কিন্তু তাঁরা যোগ্য ভোটার, তাঁদের ফের তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি নতুন যোগ্য ভোটারদেরও তালিকায় নাম তোলার কাজ করবেন বিএলওরা। এই কাজের জন্য তাঁদের বাড়ি বাড়ি যাওয়ার কথা। আর সেই কাজ করতে গিয়েই নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিএলওদের একাংশ।
বিএলওদের সংগঠনের বক্তব্য, ভোটার তালিকা থেকে কোনও ব্যক্তির নাম বাদ যাওয়ার সিদ্ধান্তের পিছনে তাঁদের ব্যক্তিগত ভূমিকা নেই। কিন্তু নাম বাদ পড়ার পর ক্ষুব্ধ ভোটার বা তাঁদের পরিবারের সদস্যদের একাংশ অতীতে বিএলওদেরই দায়ী করে হেনস্থা করেছেন বলে অভিযোগ। আগামী দিনে একই পরিস্থিতি তৈরি হলে মাঠে কাজ করা ভোটকর্মীদের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে বলে আশঙ্কা সংগঠনের।
এই কারণেই প্রত্যেক বিএলওর সঙ্গে প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনী দেওয়ার দাবি জানানো হয়েছে। সংগঠনের সম্পাদক স্বপন মণ্ডলের বক্তব্য, সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তার ব্যবস্থা না করে বিএলওদের বাড়ি বাড়ি পাঠানো হলে তাঁদের ঝুঁকি বাড়তে পারে।
চিঠিতে যে আটটি জেলার কথা উল্লেখ করা হয়েছে, সেগুলি হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলির কিছু অংশ, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং কলকাতার কিছু এলাকা। সংগঠনের দাবি, এই এলাকাগুলির বেশ কিছু জায়গায় উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। ফলে সেখানে বিএলওদের সরাসরি মানুষের বাড়িতে গিয়ে কাজ করতে হবে।
সংগঠনের তরফে দাবি করা হয়েছে, SIR চলাকালীন তথ্যগত অসঙ্গতির কারণে বহু নাম বাদ পড়েছে। তাঁদের বক্তব্য, বাদ যাওয়া ভোটারদের একটি বড় অংশের নাম ফের তোলার প্রয়োজন রয়েছে। সেই প্রক্রিয়ায় মানুষের ক্ষোভের মুখে পড়ার সম্ভাবনাই এখন বিএলওদের উদ্বেগের অন্যতম কারণ।
স্বপন মণ্ডল জানিয়েছেন, তাঁদের সংগঠন ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার আবেদন করেছে। প্রতিটি বিএলওর সঙ্গে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তাকর্মী বা বাহিনী দেওয়ার দাবি জানানো হয়েছে।
ভোটার তালিকা সংশোধনের এই পর্যায়ে তাই একদিকে বাদ পড়া যোগ্য ভোটারদের নাম ফের অন্তর্ভুক্ত করার কাজ, অন্য দিকে মাঠে থাকা ভোটকর্মীদের নিরাপত্তা—দুই বিষয়ই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিএলওদের দাবি, ভোটারদের নাম সংশোধনের দায়িত্ব তাঁরা পালন করবেন, কিন্তু সেই কাজ করতে গিয়ে যাতে তাঁদের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়তে না হয়, তার জন্য আগে থেকেই প্রশাসনিক ব্যবস্থা করা প্রয়োজন।
এখন নজর থাকবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এই নিরাপত্তা সংক্রান্ত দাবিতে কী পদক্ষেপ করে এবং সংবেদনশীল এলাকাগুলিতে বিএলওদের জন্য অতিরিক্ত বাহিনী বা নিরাপত্তার ব্যবস্থা করা হয় কি না, তার দিকে।



