নজরবন্দি ব্যুরো: এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে আদি-নব্যের লড়াই। রীতিমত চরমে পৌঁছেছে গোষ্ঠী কোন্দল। মুরলীধর সেন লেনের রাজ্য দফতর থেকে সল্টলেক অফিসে বিক্ষোভের ঘটনাও ঘটেছে। এহেন পরিস্থিতিতে এবার বিজেপির রাজ্য নেতৃত্বদের বিরুদ্ধে বড়সড় বিক্ষোভের পথে হাঁটতে চলছেন বিজেপির বিক্ষুব্ধরা।
আরও পড়ুন: কেষ্টর পথেই হেঁটেছেন বালু! বাড়ির পরিচালকও কোম্পানির ডিরেক্টর, চাঞ্চল্যকর তথ্য ফাঁস ইডির


জানা গিয়েছে, বিজেপির রাজ্য দফতরের সামনে ধর্না দেওয়ার পরিকল্পনা করেছেন বিক্ষুব্ধরা। সূত্র মারফৎ জানা যাচ্ছে, বিজেপি বাঁচাও মঞ্চের তরফে এই বিক্ষোভ হবে। শুধু তাই নয়, এমন দিনে এই কর্মসূচি হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে যেদিন রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ।

বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ৩১ অক্টোবর কলকাতায় আসার কথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের। রাজ্যের বিজেপি সংগঠনের বিভিন্ন অবস্থা নিয়ে বঙ্গ বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন তিনি। তারপর আরও একাধিক বৈঠক আছে তাঁর। আর সেইদিনই বিক্ষোভ ও ধর্না দিতে পারে বিজেপি বাঁচাও মঞ্চ।



যদিওবা দলের এই অবস্থা কোনও ভাবেই মেনে নিতে পারছেন না বিজেপির প্রবীণ নেতারা। এপ্রসঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিস্ফোরক মন্তব্য করে বলেছিলেন, “দলের অবস্থা এখন হারতে হারতে হারাধন।” এহেন পরিস্থিতিতে ৩১ অক্টোবর কলকাতায় আসার কথা বিজেপির সর্বভারতীয় নেতা বি এল সন্তোষের। আর জানা যাচ্ছে, সন্তোষ কলকাতায় এলে সেই দিনই বঙ্গ বিজেপির সহপর্যবেক্ষক অমিত মালব্য, রাজ্যের সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী, অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে জোরদার বিক্ষোভে শামিল হতে পারেন দলের বিক্ষুব্ধরা।
বঙ্গ বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে, বিক্ষোভের পথে BJP-র বিক্ষুব্ধরা








