নজরবন্দি ব্যুরো: একদিকে যখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় প্রকল্পের ‘বকেয়া’ অর্থের দাবিতে আন্দোলন সংঘটিত হচ্ছিল ঠিক সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় প্রকল্প থেকে ‘বঞ্চিত’ মানুষদের নিয়ে কলকাতায় সমাবেশ করবে বিজেপি। অন্তত এক লক্ষ মানুষের জমায়েত হবে সেখানে। রবিবার রাজ্য বিজেপির কমিটির বৈঠকে স্থির হল সেই সমাবেশের তারিখ এবং স্থান।
আরও পড়ুনঃ ইডির ডাকে CGO-তে হাজিরা বালুর দাদা দেবপ্রিয়, কোন দিকে ঘুরবে তদন্তের মোড়?


রবিবার সন্ধ্যায় বিজেপির সল্টলেকের দফতরে একটি বৈঠকে বসে কোর কমিটি। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ, রাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পান্ডে এবং অমিত মালব্য। বিজেপি সূত্রে খবর, আগামী ২৯শে নভেম্বর ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করতে চায় গেরুয়া শিবির। প্রসঙ্গত, এই সেই জায়গা যেখানে প্রত্যেক বছর একুশে জুলাইয়ে তৃণমূল তাঁদের ‘শহিদ দিবস’ পালন করে। আর বিজেপির এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন শুরু হয়েছে।
![]()
দীর্ঘদিন ধরেই ১০০ দিনের কাজে রাজ্যের প্রাপ্য টাকা মোদি সরকার দিচ্ছে না বলে অভিযোগ তুলে আসছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি এই দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। নয়া দিল্লিতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শাসকদলের শীর্ষস্থানীয় নেতারা। দিল্লিতে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা না হওয়ায় কলকাতায় ফিরে আবার রাজভবনের সামনে টানা ধর্না দেন অভিষেক।


দাবি এরকম ছিল, রাজ্যপাল নাকি কেন্দ্রের নির্বাচিত তাই কেন্দ্রীয় মন্ত্রী যেহেতু সময় দেননি, তাই রাজ্যপালকে তৃণমূলের কথা বা অভিযোগ শুনতে হবে। রাজ্যপাল সেই সময় উত্তরবঙ্গ সফরে থাকায় প্রথমে দেখা করতে পারেননি। তারপর রাজ্যপালের সঙ্গে দেখা করে তবেই ধর্না মঞ্চ ছাড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় রাজ্যে নিরঞ্জন জ্যোতি এলেও তাঁদের সাথে তৃণমূল নেতৃত্বের দেখা হয়নি।

পাল্টা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, কেন্দ্রীয় প্রকল্পের বহু টাকা রাজ্যে এসেছে কিন্তু সেই টাকা সঠিকভাবে ব্যবহার হয়নি বরং সেই টাকা লুট করেছেন তৃণমূল কংগ্রেস নেতারা! শুভেন্দু অধিকারী এও দাবি করেছেন, তাঁর কাছে এরকম বহু ‘বঞ্চিত’ মানুষ দেখা করেছেন বা কথা বলেছেন যারা কেন্দ্রীয় প্রকল্পের ‘যোগ্য’ দাবিদার অথচ তাঁরা বিজেপি সমর্থক হওয়ার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত।
তৃণমূলের শহিদ মঞ্চের সামনেই সমাবেশ বিজেপির, কোর কমিটির বৈঠকে দিনক্ষণে সিলমোহর
এখন, আগামী ২৯ তারিখ ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে এই সমাবেশ যে রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি লড়াই তা বলার অপেক্ষায় রাখে না। রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে, বিজেপিকে এই সমাবেশের অনুমতি দেবে কি দেবে না রাজ্য। আর অনুমতি না মিললে সেক্ষেত্রে গেরুয়া শিবিরের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেও লক্ষ্য থাকবে। সমাবেশের পাশাপাশি অন্যান্য আরও কেন্দ্রীয় প্রকল্পকেও এই সমাবেশের মাধ্যমে তুলে ধরা হবে।








