নজরবন্দি ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানায় এনে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। কর্ণাটক নির্বাচনের মুখে জোরাল হচ্ছে কংগ্রেস-বিজেপি সংঘাত। বিজেপি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে খুনের ষড়যন্ত্র করেছিল বলে দাবি করেন কংগ্রেস নেতা। তাঁর এই মন্তব্যের পর শোরগোল পড়েছে জাতীয় রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: Karnataka Polls: বিজেপির ডবল ইঞ্জিন সরকারকে তোপ কংগ্রেস নেতার, জনগণকে সতর্কবার্তা


শনিবার ব্যাঙ্গালোরে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস ইনচার্জ রণদীপ সিং সুরজেওয়ালা। সেখানেই তিনি দাবি করেন, “বিজেপি নেতারা মল্লিকার্জুন খাড়গে এবং তাঁর পরিবারকে খুনের ষড়যন্ত্র করছে।” নাম না করেই প্রধানমন্ত্রীকে নিশানা করেন কংগ্রেস নেতা এবং এই ষড়যন্ত্রের বিষয় তিনিও অবগত বলে দাবি করেন।

সুরজেওয়ালা বলেন, “খাড়গে এক দলিত পরিবারে জন্মগ্রহণ করেছেন, এটি মেনে নিতে পারছে না বিজেপি। প্রধানমন্ত্রীও খাড়গেকে ব্যাঙ্গ করেছেন।” আরও বলেন, “বিজেপি বিধায়ক মদন দিলাওয়ার খাড়গের মৃত্যুকামনা করেছেন। বিজেপির হতাশা বিপদজ্জনক মাত্রায় পৌঁছেছে। এটি প্রত্যেক কর্ণাটকবাসীর কাছে অপমান। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং কর্ণাটক পুলিশ নীরব।”



আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। শেষ মুহূর্তের প্রচার চলছে রাজনৈতিক দলগুলির। আগামী ১০ মে কর্ণাটকের ২২৪ টি আসনে ভোটগ্রহণ হবে। ফল প্রকাশ হবে ১৩ মে। বিজেপি কি ফের ক্ষমতায় ফিরবে? অন্যদিকে, ওই রাজ্যে পদ্ম শিবিরকে পরাজিত করতে কংগ্রেসকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা করেছে সিপিআই। মণিপুর ইস্যুতে বিজেপির ডবল ইঞ্জিন সরকারকে কটাক্ষ করেছেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম।








