আক্রান্ত ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার, প্রতিবাদে সরব গেরুয়া শিবির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আক্রান্ত ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার। সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন  দীপক বাবু। তার পরেই তাকে আসন্ন নির্বাচন প্রার্থী করে গেরুয়া শিবির। এদিন সকালে প্রচারে বেরিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের রোষের মুখে পরেন তিনি। শুক্রবার সকালে ডায়মন্ড হারবার ১ নং ব্লকের হরিদেবপুর এলাকায় প্রচারে গিয়েছিলেন তিনি। সেই সময়ে এলাকার মহিলারা সহ স্থানীয় বাসিন্দারা বিজেপির প্রার্থী ও কর্মীদের তাড়া করে বলে জানা গিয়েছে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ প্রার্থী রুদ্রনীলের প্রচারে বাধা ভবানীপুরে

এই ঘটনায় আহত হয়েছেন দীপক হালদার। বুকে চোট পেয়েছেন বলে খবর। আহত প্রার্থী-সহ আরও ১৫জনকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রার্থীর উপর হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। এই হামলার প্রতিবাদে ১১৭ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন বিজেপি কর্মী, সমর্থকরা। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেনডায়মন্ড হারবারের তৃণমূলের দু’বারের বিধায়ক দীপক হালদার। রাজ্যে তৃতীয় দফার নির্বাচন আগামী ৬ তারিখ।

তৃতীয় দফায় ভোট ডায়মন্ড হারবার কেন্দ্রে। এদিন ভোটের প্রচারে বেরিয়েই শাসক দলের হাতে আক্রান্ত হলেন দীপকবাবু। প্রার্থী সাথে থাকা ৩৫ জনের উপরও হামলা করা হয়েছে বলে অভিযোগ। তাদের মধ্যে ১৫ জন গুরুতর আহত। আহতদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। এই প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি দেবাংশু পণ্ডা বলেন, ওরা এখানে হেরে যাবে, সেই কারণেই প্রার্থীর উপর হামলা চালিয়েছে। প্রার্থী ও দলের কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। তৃণমূলের ব্লক সভাপতি গৌতম অধিকারীর বলেন, দীপক হালদারের বিরুদ্ধে ওই এলাকায় জনরোষ ছিলই। আজ বহিঃপ্রকাশ ঘটেছে।

প্রার্থীর উপর হামলার ঘটনার প্রতিবাদে ১১৭ নং জাতীয় সড়ক আবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। ডায়মন্ড হারবার হাসপাতালে রোগীদের সমস্যায় পড়তে হয়। অ্যাম্বুলেন্স প্রবেশ বাধা পায়। ঘটনাস্থলে পৌছায় পারুলিয়া উপকূল থানা ও ডায়মন্ড হারবার থানার পুলিশ। ব়্যাফ নামানো হয়। বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হন ডায়মন্ড হারবারের আইসি সুজন রায়। এরপরই বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের উপর হামলার অভিযোগে ইতিমধ্যেই দু’জনকে আটক করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত