নজরবন্দি ব্যুরোঃ প্রচারে বেরিয়ে টাকা বিলি, এবার বিতর্কে রানাঘাটের বিজেপি প্রার্থী। ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলি। যার জেরে চরম বিতর্কের মুখে রানাঘাট দক্ষিণ এর বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী। ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে প্রচারে বেরিয়ে টাকা বিলি করছেন ওই প্রার্থী। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম। এই ঘটনা সামনে আসতেই তীব্র বিতর্ক শুরু হয়েছে।
আরও পড়ুনঃ ‘ভোটের ফল বেরনোর পর উনি কন্ডোমের দোকান খুলবেন’! সায়নীকে বেলাগাম আক্রমণ অগ্নিমিত্রার
বিজেপি প্রার্থী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন, এই অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে শাসক শিবিরের নেতারা। তবে জেলা নেতৃত্বের একাংশ ভিডিওর সত্যতা যাচাই করার পক্ষে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক বিজেপি প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকরা এক ব্যক্তির বাড়িতে গিয়ে তাঁদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। কর্মী-সমর্থকদের মধ্যে কেউ একজন বলছেন, “স্যর যখন বলেছেন, আপনার চিন্তা নেই। আপনার চোখ খারাপ? চেষ্টা করব চিকিত্সা করিয়ে দিতে।” এরপরেই দেখা যাচ্ছে একজন কর্মী একজন মহিলার হাতে ৫০০ টাকার নোট ধরিয়ে দিলেন। এরপরেই চাঞ্চল্য ছড়াতে শুরু করে ওই ভিডিও নিয়ে।
তৃণমূল দাবি করে ভিডিওতে প্রার্থী হিসেবে যাঁকে দেখা যাচ্ছে, তিনি আর কেউ নন, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী। এই ঘটনা নিয়ে মুকুট ঘটনা কিছুটা মেনে নিয়ে বলেছেন “আমরা আমাদের দলীয় কর্মসূচি গৃহ-সংকল্প অভিযানে গিয়েছিলাম, এটা সত্যি কথা। প্রায় ৩০০ জন কর্মী নিয়ে পদযাত্রা করেছিলাম। পার্টি কর্মী, সাধারণ নাগরিক মিলিয়ে কয়েক হাজার লোক হয়েছিল মিছিলে। বিজেপির একজন কর্মকর্তার অসুস্থ মেয়েকে দেখতে গিয়েছিলাম। তার চোখের কিছু সমস্যা হয়েছিল।” তবে তার জন্য টাকা দেওয়া নিয়ে মুকুটমণি অধিকারীর দাবি, “এই বিষয়টি আমার জানা নেই। এর সঙ্গে পার্টি বা প্রার্থীর কোনও যোগাযোগ নেই। হতে পারে, এটা কোনও চক্রান্ত। কারণ, ওই ভিডিওতে ওই সময়টুকুই শুধু দেখানো হল। অন্য সময়ের কিছু দেখানো হল না।” টাকা দেওয়া প্রসঙ্গে মুকুটমণি বললেন, “কে দিল বা না দিল, তা বলতে পারব না।”
প্রচারে বেরিয়ে টাকা বিলি, এবার বিতর্কে রানাঘাটের বিজেপি প্রার্থী। অন্যদিকে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বর্ণালী দে রায়ের বক্তব্য, “এটাই তো বিজেপির কালচার। তবে টাকা দিয়ে কখনও ভোট কেনা যায় না,সেটা মানুষ এবারের ভোটের রায় দিয়ে প্রমাণ করবেন।ওরা তো এর আগেও প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবে বলেছিল।ওদের সবটাই মিথ্যের বেসাতি।মানুষ বিচার করে রায় দেবেন।” প্রসঙ্গত কিছুদিন আগেই তৃণমূল প্রার্থী সায়ন্তিকার প্রচারে বেরিয়ে টাকা বিলির ভিডিও নিয়ে সরব হয় বিজেপি। আর এবার বিজেপি প্রার্থীর একই ঘটনা সামনে আসতেই কোমর বেঁধে নামল তৃণমূল নেতৃত্ব।



