নজরবন্দি ব্যুরোঃ দলীয় কর্মী খুনে অনুব্রতর বিরুদ্ধে কমিশনে অভিযোগ বিজেপির। রাজ্যে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই পারদ চড়ছে রাজ্য রাজনীতির। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হচ্ছে বাংলার মাটি। কুকথা থেকে আক্রমন শাসক বিরোধী তরজা বেড়েই চলেছে।
আরও পড়ুনঃ ভোটে জিতে মুখ্যমন্ত্রীর উপর আক্রমনের অভিনব প্রতিশোধ নেওয়ার কথা বললেন মিমি।


আর এবার উঠল সরাসরি খুনের অভিযোগ। বীরভূম জেলা তৃণমূলের সভাপতি তথা দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের অভিযোগে আজ নির্বাচন কমিশনের দারস্থ হল বিজেপি। ভোটের মুখে অনুব্রত মণ্ডল সহ বীরভূম জেলার একাধিক নেতার বিরুদ্ধে ঠাণ্ডা মাথায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ সামনে নিয়ে আসছে বিজেপি নেতৃত্ব। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূলের গুণ্ডাবাহিনী। ভোট যত এগিয়ে আসছে ততই ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।
গতকাল বীরভূমের ইলামবাজারের বিজেপি কর্মী বাপি আঁকুড়ে মৃত্যুর ঘটনায় বীরভূমের বিজেপি নেতৃত্ব দাবি করছে যে এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন অনুব্রত মণ্ডল। স্থানীয় বিজেপি কর্মীদের কথায়, গ্রামের পাশের নদীতে তাঁরা দেখতে পান বাপির মৃতদেহ। তাঁদের দাবি, অনুব্রত মণ্ডলের মদতেই তৃণমূলের কর্মীরা এই ঘটনা ঘটিয়েছেন। এই খুনের ঘটনায় অনুব্রত মণ্ডল ছাড়াও অভিযোগ তোলা হচ্ছে স্থানীয় তৃণমূল নেতা ফজলুল রহমান, দুলাল রায়, শেখ শওকতদের বিরুদ্ধে।
দলীয় কর্মী খুনে অনুব্রতর বিরুদ্ধে কমিশনে অভিযোগ বিজেপির। যদিও বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব এই ঘটনার দায় অস্বীকার করছে এবং তাঁদের দাবি বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। ভোট যত এগিয়ে আসছে ততই উত্তেজক হচ্ছে রাজ্য রাজনীতি। এখন দেখার এই উত্তেজনার পারদ ভোট আসা অব্ধি কতদুর গড়ায়।









