‘বিশ্ববাংলা’ লোগোও কি বদলাবে? সরকার গঠনের আগেই জোর জল্পনা বাংলায়

বিজেপি সরকার গঠনের আগেই ‘বিশ্ববাংলা’ লোগো ও সরকারি প্রকল্পের নাম বদল নিয়ে জোর জল্পনা। প্রশাসনিক স্তরে শুরু হয়েছে আলোচনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলায় রাজনৈতিক পালাবদলের পর এবার কি বদলে যেতে চলেছে রাজ্যের পরিচিত ‘বিশ্ববাংলা’ লোগোও? বিজেপির সরকার গঠনের আগেই প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। তৃণমূল আমলে চালু হওয়া এই ব্র্যান্ড লোগো গত ১৫ বছর ধরে সরকারি নথি, প্রকল্প, রাস্তার সাইনবোর্ড থেকে স্কুলের পোশাক— সর্বত্র ব্যবহৃত হয়েছে। কিন্তু নতুন রাজনৈতিক সমীকরণের আবহে সেই লোগো সরিয়ে ফেলার সম্ভাবনাই এখন প্রবল হয়ে উঠছে। শুধু লোগো নয়, একাধিক সরকারি প্রকল্পের নামও বদল হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর।

তৃণমূল সরকারের আমলে চালু হয়েছিল ‘বিশ্ববাংলা’ ব্র্যান্ড। বাংলার পরিচিতি তুলে ধরতে তৈরি করা হয়েছিল বিশেষ ‘ব’ আকৃতির লোগো, যার উপরে ছোট আকারে থাকত অশোক স্তম্ভের প্রতীক। ধীরে ধীরে সেটিই হয়ে ওঠে রাজ্য সরকারের অন্যতম সরকারি পরিচয়চিহ্ন। সরকারি চিঠিপত্র, বিভিন্ন দপ্তরের নথি, প্রশাসনিক বিজ্ঞপ্তি, এমনকি সরকারি প্রকল্প ও পরিকাঠামোতেও নিয়মিত ব্যবহার করা হত এই লোগো।

তবে এই লোগো ঘিরে বিতর্কও কম হয়নি। বিরোধীদের অভিযোগ ছিল, সরকারি ব্যবস্থার মধ্যে একটি ব্যক্তিনির্ভর ব্র্যান্ডিংকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্য সরকার যতদিন চাইবে ততদিন এই লোগো ব্যবহার করতে পারবে। ব্যবহার বন্ধ হলে সেটির অধিকার তাঁর কাছেই ফিরে যাবে।

এবার রাজ্যে সরকার বদলের পর সেই প্রসঙ্গই ফের সামনে এসেছে। প্রশাসনিক সূত্রের দাবি, ফল প্রকাশের পর মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালার তরফে বিভিন্ন দপ্তরের সচিব এবং পুলিশ কর্তাদের সরকারি নথি সঠিকভাবে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই সরকারি চিঠিতে নাকি ‘বিশ্ববাংলা’ লোগো ব্যবহার করা হয়নি। এরপর থেকেই লোগো বদলের জল্পনা আরও জোরালো হয়েছে।

নবান্নের অন্দরে ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরকে সতর্ক করা হয়েছে বলেও খবর। কেন্দ্রীয় সরকারের তরফে আসা যে কোনও নির্দেশ দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। কোনও তথ্য চাওয়া হলে তা দ্রুত পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

শুধু লোগো নয়, সরকারি প্রকল্পগুলির নাম বদল নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে। প্রশাসনিক মহলের একাংশের দাবি, কেন্দ্রীয় অনুদানভিত্তিক একাধিক প্রকল্পের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হতে পারে। অতীতে প্রকল্পের নাম ও কৃতিত্ব নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাত একাধিকবার প্রকাশ্যে এসেছে। বিজেপি সরকার ক্ষমতায় এলে সেই সংঘাত এড়াতে প্রকল্পগুলিকে নতুন নামে আনা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। ফলে ‘বিশ্ববাংলা’ লোগো বা প্রকল্পের নাম আদৌ বদলাবে কি না, তা স্পষ্ট হবে নতুন সরকারের শপথ গ্রহণের পরেই। তবে রাজনৈতিক পালাবদলের সঙ্গে প্রশাসনিক পরিচয়েরও বড় পরিবর্তন আসতে পারে— এমন সম্ভাবনাই এখন জোরদার হয়েছে বাংলার প্রশাসনিক মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত