রাজ্যে ভোটার তালিকা নিয়ে বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বিপুল সংখ্যক নাম বাদ পড়ার অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভে নামল বামফ্রন্ট। বুধবার রাত থেকে শুরু হওয়া সেই অবস্থান বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গড়ায়। আন্দোলনের মঞ্চে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ একাধিক শীর্ষ বাম নেতা।
বিক্ষোভস্থল থেকেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন বিমান বসু। তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে লক্ষ লক্ষ ভোটারকে হয়রানির মুখে ফেলা হয়েছে। তাঁর কথায়, প্রায় ৬০ লক্ষ ভোটারকে ‘বিচারাধীন’ অবস্থায় রেখে দেওয়া হয়েছে, যার ফলে ভোটের আগে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিমান বসুর প্রশ্ন, ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁদের কি কারণ জানানো হয়েছে? যদি কারণই না জানানো হয়, তবে সেই ভোটাররা কীভাবে আপিল করবেন বা পরবর্তী পদক্ষেপ নেবেন? তাঁর মতে, এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
এর পরেই আরও কড়া সুরে হুঁশিয়ারি দেন প্রবীণ বাম নেতা। তিনি বলেন, “একটা ভোটারকেও যদি অন্যায়ভাবে বাদ দিয়ে ভোট করাতে চায়, তাহলে আমরা সেই ভোট মেনে নেব না। এর বিরুদ্ধে যা যা করার দরকার, আমরা সবই করব।”
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের দিকেও সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন তিনি। বিমান বসুর বক্তব্য, অতীতে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) হয়েছে, কিন্তু তখন এ ধরনের বিতর্ক তৈরি হয়নি। তাঁর প্রশ্ন, যদি প্রশাসনিক স্তরে সমস্যা তৈরি হয়ে থাকে, তবে নির্বাচন কমিশন আগে থেকে ব্যবস্থা নিল না কেন?
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী, এই প্রক্রিয়ায় প্রায় ৬৩ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ হিসেবে মৃত, স্থানান্তরিত বা অন্য জায়গায় নাম থাকা ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে।
এছাড়া প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। ধাপে ধাপে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে তাঁদের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এই পরিস্থিতিতে ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।



