‘মেয়েদের এত পড়াশোনার দরকার কী?’ খোদ শিক্ষামন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক

মেয়েদের পড়াশোনা ও অধিকার নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি। ভাইরাল ভিডিও ঘিরে শুরু বিতর্ক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মেয়েদের শিক্ষা নিয়ে বিতর্কিত মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি। তাঁর মন্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শিক্ষামন্ত্রীর বক্তব্য, মেয়েদের বাড়িতে থেকেই পরিবারের কাজে সাহায্য করা উচিত, রাস্তায় নেমে আন্দোলন বা প্রতিবাদ করার প্রয়োজন নেই। এই মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি বলেন, “এত লেখাপড়া করার প্রয়োজন কী? আমাদের ঘরের মেয়েরাই আমাদের শক্তি এবং সমৃদ্ধির ভিত্তি। তাঁদের রাস্তায় নামার কী প্রয়োজন?”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারী শক্তির উন্নয়নের জন্য কাজ করছেন, তাই মেয়েদের অধিকার নিয়ে আলাদা করে আন্দোলনের প্রয়োজন নেই।

শিক্ষামন্ত্রীর বক্তব্যের সময় উপস্থিত এক ব্যক্তি পাল্টা প্রশ্ন তোলেন, মেয়েদেরও সমানভাবে শিক্ষার অধিকার রয়েছে। তার জবাবে মিথিলেশ তিওয়ারি বলেন, “আপনারা আপনাদের অধিকার এমনিই পেয়ে যাবেন।”

এই মন্তব্যের ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। অনেকেই ভারতের সংবিধানের ২১এ অনুচ্ছেদের কথা তুলে ধরেন, যেখানে ৬ থেকে ১৪ বছর বয়সি সব শিশুর জন্য বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে।

এক নেটিজেন লেখেন, “দারিদ্র্য, ধর্ম, জাত বা লিঙ্গ নির্বিশেষে প্রত্যেক শিশুর শিক্ষার অধিকার রয়েছে। একজন শিক্ষামন্ত্রীর কাছ থেকে এমন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

তবে শিক্ষামন্ত্রীর সমর্থনেও কিছু প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একাংশের দাবি, তাঁর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তাঁদের মতে, মিথিলেশ তিওয়ারি মেয়েদের শিক্ষার বিরোধিতা করেননি, বরং বলতে চেয়েছেন নারী শিক্ষার জন্য সরকার ইতিমধ্যেই কাজ করছে, তাই আন্দোলনের প্রয়োজন নেই।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প নারী শিক্ষা ও ক্ষমতায়নের অন্যতম বড় উদ্যোগ হিসেবে পরিচিত। পাশাপাশি ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ এবং ‘উড়ান’ প্রকল্পের মতো একাধিক কর্মসূচির মাধ্যমে মেয়েদের উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষায় উৎসাহ দেওয়া হচ্ছে।

তবে শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন রাজনৈতিক স্তরেও পৌঁছে গিয়েছে। বিরোধী শিবিরের একাংশ ইতিমধ্যেই এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত