নজরবন্দি ব্যুরোঃ শপথ নিতে চলেছেন গুজরাতের নয়া মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এর আগে খবর ছিল মুখ্যমন্ত্রী হতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া। কিন্তু দফায় দফায় বৈঠকের পর ঠিক হয় ভূপেন্দ্র প্যাটেলই হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই গুজরাতের গান্ধীনগরের বিজেপি সদর দফতরে নয়া মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে তাঁর। ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের ঘাটলোদিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক। গত নির্বাচনে কংগ্রেসের শশীকান্ত প্যাটেলের বিরুদ্ধে ১ লক্ষ ১৭ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন।
আরও পড়ুনঃ পুলিশের পক্ষে সব জায়গায় থাকা সম্ভব নয়, মুম্বই ধর্ষণ কাণ্ডে সাফাই কমিশনারের!
এদিকে দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন বিজয় রূপাণী। তিনি জানিয়ে দিয়েছেন নেতৃত্বের নির্দেশ মত আসন্ন নির্বাচনে দলকে জেতানোর জন্যে সর্ব শক্তি দিয়ে ঝাঁপাবেন। বিধানসভা নির্বাচনের বছরখানেক আগেই ইস্তফা দিয়ে দিয়েছেন তিনি। গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে এখন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব পালটায়।’ বসাথে জানিয়ে দেন বিজেপি-র পথই তাঁর পথ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে আবার গুজরাতের এক বিজেপি মুখ্যমন্ত্রীকে পাঁচ বছরের মেয়াদ শেষের আগেই ইস্তফা দিতে হল। রুপানির আগে ২০১৬-র অগস্টে ইস্তফা দিয়েছিলেন আনন্দীবেন পটেল। তিনি ইস্তফা দেওয়ার পরেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন রূপাণী। তাঁর নেতৃত্বে ২০১৭-র বিধানসভা ভোটের হাড্ডাহাড্ডি লড়াইতে কংগ্রেস কে পরাজিত করে জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি।
গুজরাতের নয়া মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, শিকে ছিঁড়ল না মনসুখের ভাগ্যে!

আগামী বছর গুজরাতে বিধানসভা ভোট হওয়ার কথা। তাঁর আগেই ইস্তফা দিয়ে রূপাণী বলেন, ‘‘সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বদলায়। এ বার দায়িত্ব যাবে অন্য কারও কাছে। আমাকে দল যে দায়িত্ব দেবে, তা পালন করব। নরেন্দ্র মোদীর নেতৃত্বেই বিজেপি গুজরাতে বিধানসভা ভোটে লড়বে।’’ এদিকে আজকের মুখ্যমন্ত্রী চয়ন বৈঠকে উপস্থিত ছিলেন নরেন্দ্র সিং তোমর, তরুণ চুঘ এবং প্রহ্লাদ যোশীরা। জানা গিয়েছে সর্বসম্মতিক্রমেই ভূপেন্দ্রকে বিজয় রুপানির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে।



