নজরবন্দি ব্যুরোঃ ফের পাহাড়ে রাজনৈতিক বদল। দলবদলের জেরে দার্জিলিং পুরসভা হাতছাড়া হামরো পার্টির। এবার তৃণমূলের সমর্থনে দার্জিলিং পুরসভা দখল নিতে চলেছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। নতুন কর চেয়ারম্যান পদে নির্বাচিত হবেন কে? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
গত পুরসভা নির্বাচনে দার্জিলিংয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুরবোর্ড গঠন করেছিল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। বৃহস্পতিবার হামরো পার্টি থেকে ৬ জন কাউন্সিলর দলবদল করে বিজিপিএমে যোগদান করলেন। ফলে সংখ্যাগরিষ্ঠতা হারালেন অনীত থাপার দল। এই মুহুর্তে ৩১ টি ওয়ার্ডের মধ্যে অনীত থাপার দখলে রয়েছে ১৪ টি ওয়ার্ড। এখন তৃণমূলের সমর্থন নিয়ে বোর্ড গঠন করতে চলেছে অনীত থাপার দল।

অনীত থাপার দলের দাবি, আগামী কয়েক দিনের মধ্যেই আরও কয়েকজন হামরো পার্টির কাউন্সিলর তাঁদের দলে যোগ দেবেন। যার ফলে তৃণমূলের সমর্থন এবংনিজেদের কাউন্সিলরদের নিয়ে বোর্ড গঠন করা সহজ হবে বিজিপিএমের জন্য।
দলবদল নিয়ে অবশ্য ক্ষোভ উগরে দিয়েছেন হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। তিনি বলেন, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা লক্ষাধিক টাকা সহ একাধিক সুবিধে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। শর্ত রেখেছিলেন, কাউন্সিলরদের হামরো পার্টি ছেড়ে অনিতের দলে যোগ দিতে হবে। এভাবেই টাকার বিনিময়ে পুরসভা দখল নিতে চান। তাঁর দাবি, পাহাড়ের উন্নয়নের স্বার্থে কাউন্সিলররা হামরো পার্টির সঙ্গেই কাজ করবেন।
দার্জিলিং পুরসভা হাতছাড়া হামরো পার্টির, ক্ষমতা বদল পাহাড়ে

পাল্টা বিজিপিএমের দাবি, দলের নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন অজয় এডওয়ার্ড। তাই তাঁর ওপর আস্থা রাখতে পারছেন না দলের নেতারাই। তাই এখন দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন। বিজিপিএম দল ভাঙাতে চায়নি বলে দাবি করা হচ্ছে ।



