নজরবন্দি ব্যুরোঃ বছরের প্রথমদিকেই রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল করোনা সংক্রমণ। প্রতিদিন সংক্রমিত হচ্ছিলেন বহু সংখ্যক মানুষ। তাই বছরের প্রথম সপ্তাহেই দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় বেলুড় মঠ। বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রনে রয়েছে রাজ্যের পরিস্থিতি। গনপরিবহন থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রেও বাড়ানো হয়েছে সময়। তাই সমস্ত কিছু খতিয়ে দেখে ফের সকলের জন্য বেলুড় মঠ খোলার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। সেইমতো আজ থেকেই খুলে গেল বেলুড় মঠ।
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে বেলা ১১টা ও দুপুরে ৩টে থেকে বিকেল সাড়ে ৫টা অব্দি খোলা রাখা হবে মঠের দরজা। কোভিডবিধি মেনে উল্লেখিত সময়ে মাঠে ঢুকতে পারবেন ভক্ত ও দর্শনার্থীরা। আগের মতোই মন্দির দর্শনের পাশাপাশি দেখা করা যাবে মহারাজদের সঙ্গে।
তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সাধারণের জন্য বন্ধ থাকছে ভোগ বিতরন অনুষ্ঠান। আপাতত এই নির্দেশিকা বহাল থাকলেও পরবর্তীকালে সমস্ত কিছু খতিয়ে দেখে শিথিল করা হবে কোভিড বিধি। জানা গিয়েছে, আগামী ১লা মার্চ শিবরাত্রি উপলক্ষে প্রথম প্রহরের পুজোয় উপস্থিত থাকতে পারবেন ভক্তরা।
খুলে গেল বেলুড় মঠ, উৎসবের দিনগুলিতে বিশেষ পরিকল্পনা

এছাড়াও আগামী ৪ঠা মার্চ রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সকাল ৬.৩০ থেকে ১১.৩০ ও বিকেলে ৩.৩০ থেকে ৫.৩০ পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠের দরজা। তবে বিকেলের সমস্ত ধর্মসভা সম্প্রচারিত হবে বিশেষ ইউটিউব চ্যানেলের মাধ্যমে।



