নজরবন্দি ব্যুরোঃ ফেব্রুয়ারিতেই নতুন কেন্দ্রীয় চুক্তির কথা ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বেশ কিছু কারণে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করতে দেরি হয়েছে। তবে এ বার শেষ পর্যায়ের কাজ চলছে। সূত্রের খবর, বেশ কিছু চমক অপেক্ষা করে রয়েছে কেন্দ্রীয় চুক্তিতে। বাদ পড়তে পারেন একাধিক ক্রিকেটার। তবে কেন্দ্রীয় চুক্তিতে অর্থের পরিমাণও বাড়তে চলেছে।
আরও পড়ুনঃ মহিলা IPL এ নয়া ভূমিকায় মিতালি, আসতে পারেন ঝুলনও
শোনা যাচ্ছে, বার্ষিক চুক্তির খুঁটিনাটি ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে বিসিসিআই। এই মুহূর্তে বোর্ডের A+ ক্যাটাগরিতে যারা আছেন তাঁরা পান বার্ষিক ৭ কোটি টাকা। A গ্রেডের ক্রিকেটাররা পান বার্ষিক ৫ কোটি টাকা। B গ্রেডে ৩ কোটি এবং C গ্রেডে এক কোটি টাকা দেওয়া হয়। সূত্রের খবর, চুক্তির সব স্তরেই বেতন বাড়তে চলেছে ক্রিকেটারদের।

সূত্রের খবর, বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে এবার বাদ পড়তে চলেছেন শিখর ধাওয়ান । মাস দু’য়েক আগেও ভারতের অধিনায়কত্ব করেছেন শিখর। তবে ঈশান কিষান, শুভমন গিলরা চলে আসায় ওয়ানডে দলেও আর জায়গা হচ্ছে না শিখরের। বোর্ডের চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন দলের ব্রাত্য ক্রিকেটার ইশান্ত শর্মা, অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা, ময়ঙ্ক আগরওয়ালরাও।
BCCI এর নতুন চুক্তি, বাদ পড়তে পারেন দেশের প্রাক্তন অধিনায়ক

কেউ বাদ পড়লে কারও পদোন্নতি হবে, এটাই স্বাভাবিক। নতুন কেন্দ্রীয় চুক্তিতেও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই। হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদব এবং শুভমন গিলের পদোন্নতি হতে চলেছে। টি-টোয়েন্টি দলে অলিখিত নেতা হয়ে গিয়েছেন হার্দিক। তাঁকে ‘গ্রেড এ’ তে নেওয়া হতে পারে। বোর্ড সুত্র থেকে খবর, “নির্বাচন এবং নির্বাচক কমিটি তৈরি করার জন্য বেশ কিছুটা দেরি হয়েছে। কেন্দ্রীয় চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের প্রক্রিয়াও সারা। পরের মাসেই তা প্রকাশ করা হবে।”



