নজরবন্দি ব্যুরো: তিন মাস আগে উপনির্বাচনে জিতে বাইরন বিশ্বাসের দলবদলের ইস্যুতে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। চিরঞ্জিতের কথায়, ‘এভাবে দলবদল করা আমি পছন্দ করি না। এটা লোক ঠকানো। মানুষ তো তাঁকে একটা সিম্বল দেখে ভোট দিয়েছেন। তিনি যদি দলবদল করেন তাহলে আসলে মানুষকেই অপমান করা হয়।’
আরও পড়ুন:যন্তর মন্তরে আন্দোলনরত কুস্তিগীরদের জন্য মিছিল হবে শহরে, ঘোষণা মমতার
এভাবে বিধায়কের মুখ খোলায় অস্বস্তিতে রাজ্যের শাসক দল।সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে জিতেছিলেন বাইরন বিশ্বাস। গত সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন বাইরন। শাসক শিবির সাগরদিঘি বিধানসভা কেন্দ্র পুর্নদখল করায় উচ্ছ্বসিত হলেও দলবদলের এই সংস্কৃতি নিয়ে নিজের অসন্তোষ জাহির করেছেন বিধায়ক চিরঞ্জিত।

অভিনেতা-বিধায়ক চিরঞ্জিত আদর্শ রাজনীতির কথা বললেও উল্টো পথে হেঁটেছেন সদ্য দলবদল করা বিধায়ক বাইরন বিশ্বাস। বাইরন গতকালই সংবাদমাধ্যমকে বলেছিলেন, তাঁর জেতার পিছনে কংগ্রেসের কোনও অবদান নেই। তিনি নিজের মুরোদেই জিতেছিলেন তিন মাস আগে।

সামগ্রিক ভাবে দেখতে গেলে তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী শুধুমাত্র বাইরন বিশ্বাসের দলবদলের ইস্যুতে মুখ খোলেননি। সাংসদ অর্জুন সিংয়ের দলবদল ইস্যুতে মুখ খুলেছেন। চিরঞ্জিতের কথায়, অর্জুন সিং যখন বিজেপিতে জেতার পর তৃণমূলে এলেন তখন তিনি বলেছিলেন অন্তত এক বছর দেখে তারপর পদ দেওয়া হোক। এখানেই থেমে না থেকে চিরঞ্জিতের সাফ কথা, এসব করার জন্য দলে একটি কমিটি গড়ার দাবি জানিয়েছেন।
বাইরনের দলবদল ইস্যুতে বিস্ফোরক মন্তব্য বারাসত বিধায়ক চিরঞ্জিতের
![]()
এরই পাশাপাশি কিছুটা বিস্ময়ের সুরে অভিনেতা বিধায়ক চিরঞ্জিত বলেছেন, ‘একজন একটা দলের এমপি। তিনি আবার অন্য দল করছেন। এটা হয় কী করে।’ আর ঠিক এই জায়গাতেই অভিনেতা বিধায়ক আদর্শ রাজনীতির উদাহরণ প্রসঙ্গে বলেছেন, এখনও পর্যন্ত এই বিষয়ে মাইলফলক তৈরি করে রেখেছেন বাবুল সুপ্রিয়। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তারপর আসানসোলে উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহা জেতায় তৃণমূলও প্রথমবারের জন্য সেই আসন জেতে। পরে বাবুল আবার বালিগঞ্জে উপনির্বাচনে জিতে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের সদস্য। সব মিলিয়ে বাইরন বিশ্বাসের দলবদল ইস্যুতে শাসক দলের অভ্যন্তরেও যে যথেষ্ট কানাঘুষো চলছে তা বোঝাই যাচ্ছে।








