বলিউডে দেশভাগের গল্প মানেই আবেগ, সংঘাত এবং ইতিহাসের এক কঠিন অধ্যায়। সেই প্রেক্ষাপটেই বড়পর্দায় ফিরছেন সানি দেওল (Sunny Deol)। সদ্য মুক্তি পেল তাঁর নতুন ছবি ‘বাটওয়ারা ১৯৪৭’ (Batwara 1947)-এর ট্রেলার, যেখানে অ্যাকশন, আবেগ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা—সবকিছুরই মিশেল দেখা গেল। ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের একাংশের মতে, সানির পর্দা উপস্থিতি যেন ফের মনে করিয়ে দিচ্ছে ‘গদর’ (Gadar)-এর জনপ্রিয় চরিত্র তারা সিংকে। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
উল্লেখযোগ্য বিষয়, ছবিটির নাম প্রথমে ‘লাহোর ১৯৪৭’ (Lahore 1947) রাখা হলেও পরে তা পরিবর্তন করে ‘বাটওয়ারা ১৯৪৭’ করা হয়েছে। ছবিটি প্রযোজনা করেছে আমির খান প্রোডাকশনস (Aamir Khan Productions)।
ছবিতে সানি দেওলের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শাবানা আজমি (Shabana Azmi), প্রীতি জিন্টা (Preity Zinta), আলি ফজল (Ali Fazal), করণ দেওল (Karan Deol) এবং অভিমন্যু সিং (Abhimanyu Singh)। দীর্ঘ বিরতির পর পরিচালক হিসেবে ফিরেছেন রাজকুমার সন্তোষী (Rajkumar Santoshi), যাঁর সঙ্গে সানি দেওলের সফল জুটির ইতিহাস দীর্ঘদিনের। ‘ঘায়েল’, ‘দামিনী’ এবং ‘ঘাতক’-এর মতো একাধিক সুপারহিট ছবির পর তাঁদের এই নতুন সহযোগিতা ঘিরে দর্শকদের প্রত্যাশাও তুঙ্গে।
ট্রেলারে দেখা যায়, দেশভাগের পর সিকান্দর মির্জা চরিত্রে অভিনয় করা সানি দেওলকে স্ত্রী-সহ ভারত ছেড়ে পাকিস্তানে চলে যেতে হয়। নতুন ঠিকানায় পৌঁছে তাঁরা আবিষ্কার করেন, বাড়িটিতে এখনও বসবাস করছেন এক হিন্দু বৃদ্ধা, যার চরিত্রে রয়েছেন শাবানা আজমি। তিনিই সেই বাড়ির আসল বাসিন্দা। পরিস্থিতি জটিল হলেও সিকান্দর তাঁকে পরিবারের সদস্য হিসেবেই গ্রহণ করেন। কিন্তু সেই সিদ্ধান্ত মেনে নিতে রাজি হয় না এলাকার প্রভাবশালী মুসলিম নেতৃত্ব। এরপরই শুরু হয় সংঘাত, যা ছবির মূল নাটকীয়তা তৈরি করে।
ট্রেলার থেকে স্পষ্ট, ছবিতে সানি দেওলের স্বাক্ষরধর্মী অ্যাকশন দৃশ্যের অভাব থাকবে না। পাশাপাশি আবেগঘন সংলাপ এবং দেশভাগের মানবিক ট্র্যাজেডিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। ট্রেলারের ভিজ্যুয়াল নির্মাণ, ব্যাকগ্রাউন্ড স্কোর এবং নাটকীয় উপস্থাপনা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
জানা গিয়েছে, ছবির কাহিনি প্রখ্যাত নাট্যকার আসগর ওয়াজাহাত (Asghar Wajahat)-এর বহুল প্রশংসিত নাটক ‘জিস লাহোর নাই ভেখিয়া ও জামিয়া এ নাই’ (Jis Lahore Nai Dekhya O Jamyai Nai) থেকে অনুপ্রাণিত। সেই নাটকে দেশভাগের ভয়াবহতার মধ্যেও মানবিকতা, সহাবস্থান, পরিচয়ের সংকট এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মতো বিষয়গুলি উঠে এসেছিল। নতুন ছবিতেও সেই আবহ বজায় রাখার চেষ্টা করা হয়েছে বলে ট্রেলার থেকে ইঙ্গিত মিলছে।
দেশভাগের পটভূমিতে নির্মিত এই ছবিতে ইতিহাস, মানবিক সম্পর্ক এবং সানি দেওলের পরিচিত অ্যাকশন—এই তিনের মেলবন্ধন দর্শকদের কতটা টানতে পারে, তার উত্তর মিলবে স্বাধীনতা দিবসের আগের দিন, ১৪ আগস্ট ছবিটি মুক্তির পর।
ট্রেলার দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন



