রাজ্যের বাজেট মঞ্চ থেকে আরও এক বড় সামাজিক সুরক্ষার ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডারের পর এ বার পুরুষ যুবকদের জন্য এল নতুন প্রকল্প— ‘বাংলার যুব সাথী’। অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, রাজ্যে ক্ষমতায় ফিরলে আগামী ১৫ অগস্ট থেকেই এই প্রকল্প চালু হবে। এর আওতায় ২১ থেকে ৪১ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবকদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। এক্ষেত্রে মাধ্যমিক পাশ করা বাধ্যতামূলক। তবে এই বেকার ভাতা পাওয়া যাবে ৫ বছরের জন্যে।
বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই স্পষ্ট বার্তা— মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও অর্থনৈতিক টানাপোড়েনে যুব সমাজকে ভরসা দিতেই এই নতুন পদক্ষেপ। মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার যেখানে সংসারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেছে, সেখানে পুরুষ যুবকদের জন্য ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের মাধ্যমে সরাসরি মাসিক আর্থিক সহায়তার পথ খুলল রাজ্য।
নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এই প্রকল্পে রাজ্যের স্থায়ী বাসিন্দা, মাধ্যমিক পাশ এবং নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকা যুবকরাই ভাতার যোগ্য হবেন। কর্মহীন বা আংশিক কর্মরত যুবকদের কথা মাথায় রেখেই এই প্রকল্পের ভাবনা। সরকারের বক্তব্য, যুবদের হাতে নিয়মিত আর্থিক সহায়তা পৌঁছে দিলে দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের প্রস্তুতি নেওয়া অনেক সহজ হবে।
ভোটের মুখে অন্তর্বর্তী বাজেটে একের পর এক জনমুখী ঘোষণার মধ্যেই ‘বাংলার যুব সাথী’ প্রকল্পকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্যের পর যুবসমাজের দিকে এই আর্থিক নিরাপত্তার হাত বাড়ানো রাজ্যের সামাজিক প্রকল্পের পরিধিকে আরও বিস্তৃত করল।



