আইসিসির বৈঠকেও অবস্থান বদলাল না বাংলাদেশ, ভারতে খেলবে না, গ্রুপ বদলের প্রস্তাব বিসিবির

আইসিসির সঙ্গে বৈঠকে সুর নরম করলেও ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ। সূচি না বদলে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিল বিসিবি, সিদ্ধান্ত এখন আইসিসির কোর্টে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সুর কিছুটা নরম, কিন্তু অবস্থানে অনড়। আইসিসির সঙ্গে বৈঠকে বসেও ভারতে খেলতে রাজি হল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তাজনিত আশঙ্কার যুক্তি সামনে রেখেই নিজেদের সিদ্ধান্তে অটল থাকল বিসিবি। তবে পুরো টুর্নামেন্টের সূচি বদল না করে সমস্যার ‘মধ্যপন্থী’ সমাধান হিসেবে আইসিসিকে একটি বিকল্প প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

শনিবার বিকেলে ঢাকায় বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করেন International Cricket Council-এর ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। বৈঠকে থাকার কথা ছিল আইসিসির ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনারও। তবে তিনি ভারতীয় হওয়ায় ভিসা পেতে দেরি হয়, ফলে শেষ পর্যন্ত ভারচুয়ালি বৈঠকে যোগ দেন।

এই বৈঠকেই Bangladesh Cricket Board আইসিসিকে স্পষ্ট জানিয়ে দেয়—তারা যে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা বলেছে, তা নিয়ে বোর্ড এখনও চিন্তিত। সেই কারণেই কোনওভাবেই ভারতে দল পাঠানো সম্ভব নয়। যদিও আইসিসি আগেই জানিয়েছে, ভারতে নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই, তবু সেই আশ্বাস মানতে নারাজ বিসিবি।

তবে সূচি পুরোপুরি বদলালে যে জটিলতা বাড়বে, তা মেনে নিয়েছে বাংলাদেশ। তাই বিকল্প হিসেবে তারা প্রস্তাব দিয়েছে—বর্তমান গ্রুপ বদলে এমন একটি গ্রুপে তাদের রাখা হোক, যেখানে সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। তাতে টুর্নামেন্টের সূচিতে বড় রদবদল করতে হবে না বলেই বিসিবির যুক্তি।

এই মুহূর্তে বাংলাদেশ রয়েছে বিশ্বকাপের গ্রুপ সি-তে। ওই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সূত্রের খবর, বাংলাদেশ চাইছে তাদের গ্রুপ বি-তে পাঠানো হোক, যেখানে বর্তমানে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, ওমান ও আয়ারল্যান্ড। বদলে আয়ারল্যান্ডকে পাঠানো হতে পারে গ্রুপ সি-তে।

বাংলাদেশের এই প্রস্তাব নিয়ে এখনও পর্যন্ত আইসিসি সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি। ক্রিকেট প্রশাসনের অন্দরমহলে প্রশ্ন উঠছে, এই রদবদল আদৌ সম্ভব কি না। কারণ, এক্ষেত্রে শুধু আইসিসি বা বিসিবির সিদ্ধান্তই যথেষ্ট নয়—কমপক্ষে আরও সাতটি দলের সম্মতি প্রয়োজন।

আইসিসির আশ্বাস সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ। শেষ পর্যন্ত তারা কী সিদ্ধান্ত নেয় এবং আইসিসি কোন পথে হাঁটে, সেটাই এখন বিশ্ব ক্রিকেটের নজরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Advertisementspot_img

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর