২২ শে শ্রাবন হল সমস্ত বাঙালীর কাছে একটি আবেগঘন দিন। এই দিনেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চির বিদায় নিয়েছিলেন আমাদের মধ্য থেকে। কিন্তু আজও সেই ২২ শে শ্রাবন দিনটি ফিরে আসে বিরহ স্মৃতি বহন করে। এই দিনে কবিগুরুকে শহর কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলায় নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে স্মরন করা হয়। আর প্রতি বছর এই দিনে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে পালন করা হয় বৃক্ষরোপণ ও অন্যান্য অনুষ্ঠান। এবছরও তার বিকল্প হচ্ছেনা। তবে ২২ শে শ্রাবনের এই অনুষ্ঠান এবছর বাংলাদেশ ভবনে হচ্ছেনা। মঙ্গলবার বিশ্বভারতীর তরফে এমনটাই জানানো হয়েছে।
বরাবরই বিশ্বভারতীর ২২ শে শ্রাবনে বৃক্ষরোপণ ও অন্যান্য অনুষ্ঠান বাংলাদেশ ভবনে হয়ে আসছে। এবছরও সেই একই পরিকল্পনা ছিল। এদিন সাংবাদিক বৈঠক করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য জানান, এই বছরের অনুষ্ঠান বাংলাদেশ ভবনের পরিবর্তে সেই অনুষ্ঠান হবে পুরানো মেলার মাঠে। অন্যদিকে নিরাপত্তার বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, “বাংলাদেশ ভবন হল আমাদের কাছে একটা সম্পদের মতো। তাই তার নিরাপত্তার দিকটিও নজর রাখতে হবে।”


উল্লেখ্য, ২০১৮ সালের ২৫ সে মে বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত ভারত ও বাংলাদেশের শিল্পকলা, ভাষা, ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতির মেলবন্ধন কে তুলে ধরাই এই বাংলাদেশ ভবনের মূল লক্ষ্য ছিল। আর তারপর থেকেই নিয়মিত এই বাংলাদেশ ভবনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একাধিক অনুষ্ঠান কর্মসূচি হয়ে আসছে।








