নজরবন্দি ব্যুরো: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন CAPF কনস্টেবল নিয়োগের পরীক্ষা SSC-GD 2022-এ ভুয়ো ডোমিসাইল এবং কাস্ট সার্টিফিকেট বানিয়ে পশ্চিমবঙ্গের জন্য সংরক্ষিত আসনে ঢুকছে ভিনরাজ্যের ছেলেমেয়েরা। এরকমই চাঞ্চল্যকর অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল বাংলা পক্ষ।
আরও পড়ুন: রবিবার গেরুয়া নেতাদের ভোট কৌশল শেখাবেন নাড্ডা, বৈঠকে ডাক পেলেন না দিলীপ?


বাংলা পক্ষ জানিয়েছে, CAPF (BSF, CRPF, CISF ইত্যাদি) কনস্টেবল ও রাইফেলম্যানের চাকরিতে রাজ্যের জন্য ৬০০০-এরও বেশি আসন সংরক্ষিত রয়েছে। সেখানেই জাল ডোমিসাইল সার্টিফিকেট ও জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে ঢুকছে ভিনরাজ্যের ছেলেমেয়েরা। হয় তারা ডোমিসাইল জাল করছে, কিংবা বাংলায় ১০ বছর না থেকেও ভুল তথ্য দিয়ে SDO অফিস থেকে ডোমিসাইল সার্টিফিকেট তুলছে বলে অভিযোগ বাংলা পক্ষের।
বিষয়টি নিয়ে শুধু হাইকোর্টে মামলাই করেনি বাংলা পক্ষ। এই বিষয়ে নিজাম প্যালেসে SSC-এর রিজিওনাল হেড অফিস, CRPF ভবন এবং ব্যারাকপুর SDO অফিসে তথ্য প্রমাণ সহ স্মারকলিপিও জমা দিয়েছে তাঁরা। ইতিমধ্যেই জাল ডোমিসাইল ইস্যুতে মধ্যমগ্রাম, হরিণঘাটা ও ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।



শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা দায়ের করেছে বাংলা পক্ষ। বাংলা পক্ষর তরফে এই জনস্বার্থ মামলাটি করেছেন শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি। বাংলা পক্ষর আইনজীবী প্রসেনজিৎ দেবনাথ ও দিব্যায়ন ব্যানার্জী। আদালতে মূলত কী কী দাবি জানিয়েছে বাংলা পক্ষ?

প্রথমত, SSC-GD-2022 নিয়োগে অবিলম্বে স্থগিতাদেশ দিতে হবে। দ্বিতীয়ত, পরীক্ষার্থীদের প্রতিটি তথ্য যাচাই করতে হবে। তৃতীয়ত, যারা জাল ডোমিসাইল জমা দিয়েছে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, বাংলায় থাকা সমস্ত জাল ডোমিসাইল চক্র ধরতে CID তদন্তের দাবি জানিয়েছে বাংলা পক্ষ।
ভুয়ো সার্টিফিকেট বানিয়ে সরকারি চাকরির পরীক্ষায় ভিনরাজ্যের বাসিন্দারা? আদালতে গেল বাংলা পক্ষ








