নজরবন্দি ব্যুরোঃ এবার শীতে বাড়িতে বসেই টিকিট কেটে বেড়িয়ে পড়তে পারেন কলকাতার ২১টি দর্শনীয় স্থান ঘুরতে। বুধবার এমনটাই জানালেন রাজ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়। শহর কলকাতায় পর্যটন শিল্পকে আরো আকর্ষণীয় করে তুলতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পর্যটন দপ্তর। এই টিকিটে ঘোরা যাবে ইকো পার্ক, নিকো পার্ক, সায়েন্স সিটি, ভিক্টোরিয়া-সহ শহরের ২১টি দর্শনীয় স্থান।
আরও পড়ুনঃ রাজ্যগুলিকে বুলডোজ করতে চায় কেন্দ্র, সংসদীয় বৈঠকের পর বার্তা মমতার


বাবুল সুপ্রিয় বলেন, এই ইন্টিগ্রেটেড পাস এর ব্যবহার সম্পূর্ণভাবে চালু হয়ে যাওয়ার পর আরো একাধিক দর্শনীয় স্থানকে চিহ্নিত করে এই ইন্টিগ্রেটেড পাশের সুযোগ-সুবিধার সঙ্গে যুক্ত করা হবে। শীতের মরশুমে কলকাতার দ্রষ্টব্য স্থানগুলিতে বিদেশি পর্যটকদের ভিড় বাড়াতে পর্যটন দপ্তর এই নয়া উদ্যোগ গ্রহণ করেছে। এই অনলাইন পাশের উদ্বোধন হবে চলতি মাসের ১৫ ই ডিসেম্বর থেকে।

উল্লেখ্য, এই ২১টি পর্যটন স্থান দেখার জন্য ৭ দিনের মেয়াদের ওই টিকিটের মূল্য ৪৯৫ টাকা। তবে এই মূল্যের হেরফের হতে পারে। আবার কেউ যদি ২১টি দর্শনীয় স্থান না দেখতে চান তাহলে তাদের টিকিটের মুল্য একটু হেরফের হতে পারে।
ছুটির মরসুমে লাইনে দাঁড়ানোর ঝক্কি আর থাকছে না, শহরের দর্শনীয় স্থানের টিকিট কাটুন ঘরে বসেই
বাবুল সুপ্রিয় বলেন, ‘কলকাতার পর্যটন ব্যবসাকে আরও আকর্ষণীয় এবং ঝঞ্ঝাটমুক্ত করার ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বিদেশ বা দেশের অন্যান্য রাজ্য থেকে কলকাতায় বেড়াতে আসেন যে পর্যটকেরা, তাঁদের কথা ভেবেই কলকাতার দর্শনীয় স্থানগুলিকে একটি টিকিটের অধীনে আনার কথা ভেবেছে পর্যটন দফতর।’










