নজরবন্দি ব্যুরো: আগামী বছর লোকসভা নির্বাচন রয়েছে। রাজনৈতিক দলগুলি পস্তুতি শুরু করে দিয়েছে। অপেক্ষা কেবল জাতীয় নির্বাচন কমিশনের দিন ঘোষণার। তবে লোকসভা নির্বাচনের আগে দেশের পাঁচ রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। চলতি মাসেই ভোটের দিন ঘোষণা করা হতে পারে। বছরের শেষের দিকেই ভোট গ্রহণ হতে পারে। শুক্রবার বৈঠকে বসতে পারে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: ইডির নিশানায় শ্রদ্ধা কাপুর, বেটিং অ্যাপের তদন্তে সমন পাঠানো হল অভিনেত্রীকে


লোকসভার আগে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মিজোরাম- এই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট প্রয়োজন। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ (৬ অক্টোবর) বৈঠকে হতে পারে। সেই বৈঠকেই ভোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। আগামী দুইদিনের মধ্যেই বিধানসভা নির্বাচন নিয়ে দিন ঘোষণা হতে পারে। পাঁচ রাজ্যের মধ্যে রাজস্থান, মিজোরাম, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশে এক দফাতেই ভোট হবে। বাকি এক রাজ্য ছত্তিশগড়ে দুই দফায় নির্বাচন হতে পারে। গতবার অর্থাৎ ২০১৮ সালেও এই পাঁচ রাজ্যে এক ও দুই দফাতে নির্বাচন হয়েছিল।

আরও জানা যায়, পাঁচ রাজ্যে ভোটের দিন আলাদা আলাদা হলেও একইদিনে গণনা হবে। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে বিধানসভা নির্বাচনগুলি হতে পারে। ভোট গণনা হবে ডিসেম্বরের ১০-১৫ তারিখের মধ্যে। ইতিমধ্যেই রাজ্যগুলিতে নির্বাচনের প্রস্তুতি কেমন তা খতিয়ে দেখা শুরু করেছে নির্বাচন কমিশন।



রাজস্থান ও ছত্তিসগড়ে ক্ষমতায় রয়েছে শতাব্দী প্রাচীন দল কংগ্রেস। চলতি বছরেই কর্ণাটকে বিজেপিকে হারিয়ে শাসকের দায়িত্ব নিয়েছে হাত শিবির। মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্ট, বিজেপির সঙ্গে জোটে ক্ষমতায় রয়েছে এই দল। মধ্যপ্রদেশের শাসক দল বিজেপি এবং তেলেঙ্গানায় ক্ষমতায় রয়েছে কেসিআরের দল বিআরএস। আগামী ১৭ ডিসেম্বর মিজোরাম সরকারের মেয়াদ শেষ হচ্ছে। বাকি চার রাজ্যের সরকারের মেয়াদ শেষ হবে আগামী বছর জানুয়ারি মাসে।
লোকসভার আগেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন, বছর শেষেই ভোট গ্রহণ









