নজরবন্দি ব্যুরোঃ ঘরের মাঠে অশ্বিন ম্যাজিক, চিপক টেস্টের দ্বিতীয় দিনে জয়ের পথে আরও এগোল ভারত। প্রথম টেস্টে ২২৭ রানে শোচনীয় হারের পর চিপকে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে জয়ের সরণীতে অনেকটাই এগিয়ে গেল টিম ইন্ডিয়া। কাল ৩০০/৬ স্কোরে ব্যাট করতে নেমে মাত্র ২৯ রান যোগ করে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। রিশভ অপরাজিত থাকেন ব্যক্তিগত ৫৮ রানে। ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরুতেই ধাক্কা খায় ইশান্ত শর্মার কাছে।
আরও পড়ুনঃ মস্তান-ফস্তানকে নিয়ে কথা বলি না! বাবুর ওপর হামলা প্রসঙ্গে বললেন পার্থ।
বাঁ হাতি ওপেনার ররি বারন্স কে এলবিডব্লিউ করে দেন তিনি। এরপর ঘূর্ণি পিচে অপ্রতিরোধ্য হয়ে ওঠে অশ্বিন ও অভিষেক করা অক্ষর প্যাটেলের জুটি। দুরন্ত ফর্মে থাকা ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে কট আউট করে জীবনের প্রথম উইকেট পেলেন অক্ষর। ইংল্যান্ড উইকেটকিপার বেন ফোক্স (৪২ নট আউট) ছাড়া কেউই সেরকম প্রতিরোধ গড়তে পারেননি ভারতীয় বোলিং এর সামনে। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস শেষ হয় মাত্র ১৩৪ রানে। এদিকে কাল হিটম্যান শো এর পর দ্বিতীয় দিনে চিপক সাক্ষী থাকল ঘরের ছেলে অশ্বিনের জাদু স্পিনের।
মাত্র ৪২ রান দিয়ে তিনি নেন ৫ উইকেট। এছারা অক্ষর ও ইশান্ত পান দুটি করে উইকেট। মহম্মদ সিরাজ আউট করেন অলি পোপকে। ১৯৫ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ভারতের স্কোর ৫৪ রানে ১ উইকেট। গিল ফিরে গেলেও ক্রিজে রয়েছেন রোহিত (২৫ রান) ও পুজারা (৭ রান)। ভারতের লিড দাঁড়িয়েছে ২৪৯ রানে। কাল ভারত কত রানের লিড নেয় ও ইংল্যান্ডকে জয়ের জন্য কত লক্ষ্যমাত্রা দেয় সেদিকে তাকিয়ে ভারতের সমর্থকরা।
ঘরের মাঠে অশ্বিন ম্যাজিক, চিপক টেস্টের দ্বিতীয় দিনে জয়ের পথে আরও এগোল ভারত। তবে এই ঘূর্ণি পিচে চতুর্থ ইনিংসে ইংল্যান্ড কতটা প্রতিরোধ গড়তে পারবে সে ব্যাপারে সন্দিহান ক্রিকেটমহল। অনেকেই মনে করছে এই টেস্ট জিতে ভারতের সিরিজে সমতা ফেরানো এখন শুধু সময়ের অপেক্ষা।



