ভারতের সঙ্গীত জগতে উদ্বেগ ছড়িয়েছে। কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে হঠাৎ অসুস্থ হয়ে মুম্বইয়ের Breach Candy Hospital-এ ভর্তি হয়েছেন। বর্তমানে ৯২ বছর বয়সি এই শিল্পী আইসিইউ-তে চিকিৎসাধীন, চিকিৎসকদের কড়া নজরদারিতে রাখা হয়েছে তাঁকে। খবর প্রকাশ্যে আসতেই দেশ-বিদেশে তাঁর অনুরাগীদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ অসুস্থ বোধ করলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, বাড়িতেই মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তির কথা জানানোর পরই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। চিকিৎসকরা প্রাথমিকভাবে তাঁর অবস্থাকে আশঙ্কাজনক বলে মনে করায় তাঁকে সঙ্গে সঙ্গে ইর্মাজেন্সি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।
প্রথমে কার্ডিয়াক সমস্যার জল্পনা ছড়ালেও পরে তাঁর নাতনি জানাই ভোঁসলে সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করেন, ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে আশাকে। তিনি অনুরোধ করেন, এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানাতে। পাশাপাশি জানান, চিকিৎসা চলছে এবং পরিস্থিতির উন্নতির আশা করা হচ্ছে।
উল্লেখযোগ্য বিষয়, কয়েক দিন আগেই মুম্বইয়ের একটি অনুষ্ঠানে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন এই বর্ষীয়ান শিল্পী। তাই আচমকা তাঁর অসুস্থতার খবর ভক্তদের আরও চিন্তায় ফেলেছে।
দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সঙ্গীত জগতে রাজত্ব করেছেন আশা ভোঁসলে। ১৯৪০-এর দশক থেকে শুরু করে হিন্দি-সহ একাধিক ভাষায় হাজার হাজার গান গেয়ে তিনি তৈরি করেছেন এক অনন্য ইতিহাস। সাতবার ফিল্মফেয়ার পুরস্কার জয়ের পর নিজেই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান—যা তাঁর উদারতারই প্রমাণ।
তিনি ২০০০ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০৮ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। আন্তর্জাতিক মঞ্চেও তাঁর কৃতিত্ব স্বীকৃত—গ্র্যামি মনোনয়ন থেকে শুরু করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা, সবই তাঁর কেরিয়ারের অংশ।
২০২৩ সালে নিজের ৯০তম জন্মদিনেও মঞ্চে উঠে পারফর্ম করে ভক্তদের চমকে দিয়েছিলেন তিনি। সেই শিল্পীর হঠাৎ অসুস্থতা তাই আরও বেশি করে নাড়িয়ে দিয়েছে সঙ্গীতপ্রেমীদের।
এখন সকলের প্রার্থনা—শীঘ্র সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরুন ভারতীয় সঙ্গীতের এই অমূল্য সম্পদ।



