এবার চেক বাউন্স মামলায় আমিশার বিরুদ্ধে পরোয়ানা, ২৭ মার্চে হাজিরা না দিলে গ্রেফতারের আশঙ্কা

মোরাদাবাদ আদালতের জামিন অযোগ্য পরোয়ানা আমিশা প্যাটেলের বিরুদ্ধে; ২৭ মার্চ শুনানিতে হাজির না হলে গ্রেফতারের নির্দেশ জারি হতে পারে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চেক বাউন্স মামলায় আইনি জটিলতায় জড়ালেন বলিউড অভিনেত্রী Ameesha Patel। মোরাদাবাদের একটি আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। সমন সত্ত্বেও বারবার আদালতে হাজির না হওয়ায় এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

কিছুদিন আগেই একই ধরনের চেক বাউন্স মামলায় খবরের শিরোনামে এসেছিলেন অভিনেতা Rajpal Yadav। সেই আবহেই এবার আর্থিক বিতর্কে নাম জড়াল আমিশার।

মামলার সূত্রপাত ২০১৭ সালে। মোরাদাবাদের একটি ইভেন্ট সংস্থা ‘ড্রিম ভিশন’-এর কর্ণধার পবন কুমার বর্মার অভিযোগ, একটি উচ্চপ্রোফাইল বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমিশাকে ১১ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল হয়ে যায়। তাতে আয়োজকদের বড়সড় আর্থিক ক্ষতি হয় বলে দাবি।

অভিযোগ, পরে কিছু টাকা ফেরত দেওয়া হলেও বাকি টাকার জন্য যে চেক দেওয়া হয়েছিল, তা ব্যাংকে জমা দিতেই বাউন্স করে। এর পরেই আইনি পথে হাঁটেন অভিযোগকারী।

বছরের পর বছর কেটে গেলেও মামলার নিষ্পত্তি হয়নি। কখনও শুটিংয়ের ব্যস্ততা, কখনও আইনজীবীর অনুপস্থিতির কারণ দেখিয়ে নাকি আদালতে হাজির হননি অভিনেত্রী। তবে এবার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আর দেরি করা হবে না।

পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৭ মার্চ ২০২৬। সেই দিনও যদি আমিশা আদালতে হাজির না হন, তবে তাঁকে গ্রেফতার করে আদালতে হাজির করানোর নির্দেশ জারি হতে পারে বলে আইনি মহলের ধারণা।

এই পরিস্থিতিতে এখন সবার নজর ২৭ মার্চের শুনানির দিকে—আদালতে হাজিরা দেবেন আমিশা, না কি মামলার মোড় আরও ঘুরবে, সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন