নজরবন্দি ব্যুরো: মুম্বই সফরে গিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) প্রধানের বাড়িতে বৈঠক চলে। এই বৈঠকে উপস্থিত কেজরিওয়াল ছাড়াও আম আদমি পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডা, সঞ্জয় সিং এবং অতসী মারলেনা। মূলত দিল্লির সরকারের প্রশাসনিক আমলাদের নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের অর্ডিন্যান্স পাশ করানোর বিরুদ্ধে সমর্থনের আর্জি নিয়েই কেজরিওয়ালের এই মুম্বই সফর।
আরও পড়ুন: মোদীর মুখোমুখি হচ্ছেন না মমতা, ফের তুঙ্গে কেন্দ্র-রাজ্য সংঘাত!


সূত্রে খবর, কেজরিওয়ালের মুম্বই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেন্দ্রের অর্ডিন্যান্স জারি করার বিরোধিতায় সমর্থন নিতে উদ্ধব ঠাকরের পাশাপাশি এনসিপি সভাপতি শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করতে পারেন আপ সুপ্রিমো। গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা সফরে এসেছিলেন কেজরিওয়াল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক সারেন তিনি। বৈঠক শেষে একসঙ্গে সাংবাদিক সম্মেলন করেন তাঁরা। সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হন দিল্লির মুখ্যমন্ত্রী।

গতকাল নবান্নে দীর্ঘক্ষণ বৈঠক চলে মমতা-কেজরিওয়ালের। দিল্লির সরকারের প্রশাসনিক আমলাদের নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের হস্তক্ষেপের বিষয়টি নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু এরপরও রাজ্যসভায় অর্ডিন্যান্স পাশ করানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। এনিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সকল বিরোধী দলগুলিকে একসঙ্গে কাজ করার আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, কয়েকদিন আগেই অধ্যাদেশ জারি করে দিল্লি সরকারের আমলা নিয়োগের ক্ষমতা ফের দিল্লি সরকারের হাত থেকে ছিনিয়ে নেয় কেন্দ্রীয় সরকার। এই অধ্যাদেশের বিরুদ্ধেই মতামত জারি করতে দেশের বিভিন্ন রাজ্যের সমর্থন আদায় করতে বেরিয়ে পড়েছেন অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে, লোকসভা ভোটের আগে মোদী বিরোধী জোট মজবুত করতে তৎপর বিরোধী দলগুলি। কয়েকদিন আগেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। এরপরই মুম্বই সফরে গিয়ে উদ্ধাব ঠাকরে এবং শরদ পাওয়ারের সঙ্গে দেখা করে বিরোধী দলগুলিকে একসঙ্গে কাজ করার আর্জি জানিয়েছিলেন।


উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ কেজরিওয়ালের, NCP প্রধানের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা!








