নজরবন্দি ব্যুরো: আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির জালে আপের আরও এক নেতা। বুধবার দীর্ঘ তল্লাশির পর আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ অরবিন্দ কেজরিওয়ালের দল। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে নিশানা করলেন আপ সুপ্রিমো।
আরও পড়ুন: তৃণমূলের রাজভবন অভিযানের দিনই উত্তরবঙ্গে রাজ্যপাল, বিঁধলেন রাজ্য সরকারকে


আবগারি দুর্নীতি মামলায় বুধবার সকালে সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা। প্রায় ১০ ঘণ্টা ধরে তল্লাশি চলে। গতকাল সন্ধ্যায় গ্রেফতার করা হয় তাঁকে। দলীয় সাংসদের গ্রেফতারির পর তাঁর বাড়িতে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সঞ্জয় সিংয়ের বাবার সঙ্গে দেখা করেন। কেজরিওয়ালের দাবি, ”আম আদমি পার্টি দেশের সবচেয়ে সৎ রাজনৈতিক দল। সেই সততারই মূল্য দিতে হচ্ছে।” তিনি বলেন, “এই মামলায় হাজারেরও বেশি অভিযান চালানো হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এক পয়সাও উদ্ধার করতে পারেনি। প্রধানমন্ত্রী মোদী আপাদমস্তক দুর্নীতিতে ডুবে। আমার মতে, স্বাধীনতার পরে তিনিই আমাদের দেশের সবথেকে দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী।”

কেজরিওয়ালের আরও দাবি, ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পর চাপে পড়েছেন মোদী। তাই তিনি এখন মরিয়া হয়ে উঠেছেন। আগামী বছর লোকসভা নির্বাচন না হওয়া পর্যন্ত একের পর এক গ্রেফতার করবে ওঁরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার সঞ্জয় সিংকে আদালতে পেশ করা হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি। আপের তরফেও আইনি পথে মোকাবিলা করা হবে বলে জানানো হয়েছে।



দুর্নীতি মামলায় ইতিমধ্যেই আপের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছিল। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের গ্রেফতারির পর জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছিলেন সঞ্জয় সিং। তাঁকেও এবার গ্রেফতা করা হল। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে আপের নেতা-মন্ত্রীরা।
সঞ্জয় সিংয়ের গ্রেফতারিতে ক্ষুব্ধ AAP, ‘মোদী আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত’ আক্রমণ কেজরির








