নজরবন্দি ব্যুরোঃ ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর গ্রেফতার করা হল কলকাতা হাই কোর্টের আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে। ধৃত কৌস্তভের দাবি, সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করার কারণেই পুলিশ তাঁকে গ্রেফতার করল।
আরও পড়ুনঃ পার্লার মালিককে তলব নিয়ে প্রশ্ন, সোমাকে নিয়ে কী বললেন কুন্তল?


শনিবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ বিশাল পুলিশবাহিনী কৌস্তভ বাগচির বারাকপুরের বাড়িতে যায়। সেখানে পুলিশের সঙ্গে একপ্রস্থ বাদানুবাদে জড়িয়ে পড়েন কংগ্রেস নেতা। এরপর তাঁর বাড়িতে চলে জোর তল্লাশি। শেষমেশ গ্রেপ্তার করা হয় তাঁকে।

বর্তমানে তাঁকে বড়তলা থানায় নিয়ে গিয়েছে পুলিশ। অধীর চৌধুরী নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সাংবাদিক বৈঠক করাতেই জিজ্ঞাসাবাদ বলে অভিযোগ কৌস্তভের। তিনি বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি। মৌচাকে ঢিল মেরেছি। তাই আমার বাড়িতে পুলিস।’



কৌস্তভের বিরুদ্ধে ১২০ বি, ১৫৩, ৩৫৪-এর মতো ধারা দেওয়া হয়েছে। আইনজীবী তথা কংগ্রেস নেতার গ্রেপ্তারির ঘটনায় রাজনৈতিক মহলে জোর শোরগোল। পুলিশি ধরপাকড়ের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।
মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ, গ্রেফতার কং নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী

সিপিএম নেতা বিকাশরঞ্জন বলেন, এ রাজ্যে যে কারও স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার নেই, তা স্পষ্ট। তৃণমূল সাংসদ শান্তনু সেন অবশ্য পুলিশের এই পদক্ষেপ সময়োপযোগী এবং সঠিক পদক্ষেপ বলেই উল্লেখ করেছেন।







