তেণ্ডুলকর পরিবারে ফের উৎসবের প্রস্তুতি। বাগদানের ছ’মাস পেরোতেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অর্জুন তেণ্ডুলকর। দিনক্ষণ আর বিয়ের জায়গা—সবই নিশ্চিত করলেন খোদ শচীন তেণ্ডুলকর। আগামী ৫ মার্চ সাতপাকে বাঁধা পড়ছেন তাঁর পুত্র অর্জুন। ডেস্টিনেশন ওয়েডিং নয়, বরং নিজের শহর মুম্বইতেই ঘরোয়া অথচ আড়ম্বরপূর্ণ আয়োজনে হবে এই তারকা-বিয়ে।
পরিবার সূত্রে খবর, ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়ে গিয়েছে। গত বছরের ১৩ আগস্ট ছোট পরিসরে বাগদান সেরেছিলেন অর্জুন তেণ্ডুলকর ও সানিয়া চন্দোক। সেই সময় বিষয়টি খুব একটা প্রকাশ্যে আসেনি। তবে বাগদানের পর থেকে শচীন-কন্যা সারার সঙ্গে সানিয়ার ঘনিষ্ঠতা ও পারিবারিক আড্ডায় তাঁর উপস্থিতি নজরে পড়েছে বহুবার।


কিছু দিন ধরেই জল্পনা চলছিল—আইপিএলের আগেই কি বিয়ে সারবেন শচীনপুত্র? অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ল। ৫ মার্চ, মুম্বইতেই গাঁটছড়া বাঁধবেন অর্জুন ও সানিয়া। অতিথি তালিকায় কারা থাকছেন, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে ক্রিকেট ও কর্পোরেট জগতের একাধিক পরিচিত মুখের উপস্থিতি যে থাকবে, তা বলাই বাহুল্য।
উল্লেখ্য, বিয়ের ঠিক পরেই মাঠের নতুন চ্যালেঞ্জে নামবেন অর্জুন। এবারের আইপিএলে প্রথমবার লখনউ সুপার জায়ান্টস-এর জার্সিতে খেলবেন তিনি। এতদিন মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডে থাকলেও, এ বার তাঁর আইপিএল যাত্রা নতুন ঠিকানায়। অর্থাৎ কেরিয়ারের নতুন অধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত জীবনেও শুরু হচ্ছে নতুন ইনিংস।
তবে সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে খুব একটা ছন্দে ছিলেন না অর্জুন। গোয়ার হয়ে ওপেন করলেও ব্যাট-বল—কোনও বিভাগেই বড় সাফল্য আসেনি। তবু আইপিএলের মঞ্চে নতুন দলে নতুন সুযোগ—সেই প্রত্যাশাই আপাতত তাঁর সামনে।


অন্য দিকে, অর্জুনের হবু স্ত্রী সানিয়া চন্দোক মুম্বইয়ের এক পরিচিত শিল্পপতি পরিবারের সদস্য। তিনি খ্যাতনামা শিল্পপতি রবি ঘাই-এর নাতনি। ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিন ক্রিমারির সঙ্গে যুক্ত এই ঘাই পরিবার। সানিয়াও নিজে উদ্যোক্তা—‘Mr Paws Pet Spa & Store’ নামে পোষ্যদের গ্রুমিংয়ের একটি জনপ্রিয় ব্র্যান্ড চালান তিনি, যা মুম্বইয়ে বেশ পরিচিত।
শোনা যায়, সানিয়া একসময় শচীন-কন্যা সারার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সেখান থেকেই পারিবারিক আলাপ, বন্ধুত্ব আর শেষ পর্যন্ত অর্জুন–সানিয়ার প্রেম—এবং এখন বিয়ে। সব মিলিয়ে, আইপিএলের আগে তেণ্ডুলকর পরিবারে এখন শুধুই আনন্দ আর উৎসবের রং।







