দশকের প্রেমের শুভ পরিণয়, অবশেষে জর্জিনার সঙ্গে বিয়ের বন্ধনে ক্রিস্তিয়ানো রোনাল্দো

দীর্ঘ এক দশকের প্রেমের পর জর্জিনা রদ্রিগেজ়কে বিয়ে করলেন ক্রিস্তিয়ানো রোনাল্দো। পর্তুগালের ক্যাসকাইসে ঘনিষ্ঠ অনুষ্ঠানে পাঁচ সন্তান ও পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হল বিয়ের অনুষ্ঠান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এক দশকের প্রেমের সম্পর্কে অবশেষে পড়ল সিলমোহর। দীর্ঘ দিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্তিয়ানো রোনাল্দো (Cristiano Ronaldo)। মঙ্গলবার, ১১ অগস্ট, পর্তুগালের ক্যাসকাইসে ঘনিষ্ঠ পরিসরে বিয়ে সারেন সিআর সেভেন ও জর্জিনা। সন্ধ্যায় ইনস্টাগ্রামে নিজেদের বিয়ের ছবি পোস্ট করে খবরটি প্রকাশ্যে আনেন তাঁরা। ছবির সঙ্গে ছোট্ট ক্যাপশন—‘সি লাভস জি’। দু’জনের হাতেই তখন ঝলমল করছিল বিয়ের আংটি।

রোনাল্দো-জর্জিনার বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছিল। ভক্তদের তৈরি একাধিক মিম, ভিডিয়ো এবং কাল্পনিক বিয়ের ছবি ঘুরছিল নেটপাড়ায়। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। কোনও বড় মাপের অনুষ্ঠান বা জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তাঁরা।

বিশেষ দিনটিতে রোনাল্দো ও জর্জিনার সঙ্গে ছিলেন তাঁদের পাঁচ সন্তান। অনুষ্ঠানে উপস্থিত ছিল ক্রিস্তিয়ানো জুনিয়র, যমজ ইভা ও মাতেও, আলানা মার্টিনা এবং বেলা এস্মেরাল্ডা। এতদিনের সম্পর্ককে পরিণতি দেওয়ার মুহূর্তটি সন্তানদের সঙ্গে ভাগ করে নেন ফুটবল তারকা ও তাঁর দীর্ঘ দিনের সঙ্গী।

রোনাল্দো ও জর্জিনার প্রেমের শুরু ২০১৬ সালে স্পেনের মাদ্রিদে। তখন রিয়াল মাদ্রিদের (Real Madrid) হয়ে মাঠ মাতাচ্ছেন রোনাল্দো। অন্যদিকে, মাদ্রিদের একটি গুচি (Gucci) স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা। সেখানেই প্রথম আলাপ দু’জনের।

এর পর একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে ফের দেখা হয় তাঁদের। সেই সাক্ষাৎই ধীরে ধীরে বদলে দেয় সম্পর্কের সমীকরণ। প্রথমে পরিচয়, তারপর বন্ধুত্ব এবং সেখান থেকে প্রেম। সময়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়। প্রকাশ্যে একাধিকবার একে অপরের পাশে দেখা গিয়েছে তাঁদের। রোনাল্দোর কঠিন সময়েও জর্জিনাকে পাশে পেয়েছেন তিনি।

২০১৭ সালের নভেম্বরে তাঁদের প্রথম কন্যা আলানা মার্টিনার জন্ম হয়। রোনাল্দোর পরিবারে আগে থেকেই ছিলেন তাঁর বড় ছেলে ক্রিস্তিয়ানো জুনিয়র এবং সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া যমজ সন্তান ইভা ও মাতেও। পরে রোনাল্দো ও জর্জিনার সংসারে আসে বেলা এস্মেরাল্ডা। সন্তানদের নিয়েই গত কয়েক বছর ধরে তাঁদের পারিবারিক জীবন কাটছিল।

২০২৫ সালে বাগদান, এক বছর পর বিয়ে

দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৫ সালের অগস্টে বাগদান সেরে ফেলেন রোনাল্দো ও জর্জিনা। সেই খবরও প্রথমে সোশ্যাল মিডিয়াতেই জানান জর্জিনা। তাঁর হাতে দেখা গিয়েছিল বড় একটি এনগেজমেন্ট রিং। সেই পোস্টের পর থেকেই কবে বিয়ে করবেন তাঁরা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

অবশেষে সেই অপেক্ষার অবসান হল। বাগদানের ঠিক এক বছর পূর্ণ হওয়ার দিনেই বিয়ের সিদ্ধান্ত নিলেন রোনাল্দো ও জর্জিনা। ১১ অগস্ট ২০২৬, পর্তুগালের ক্যাসকাইসে ঘনিষ্ঠ আয়োজনের মধ্য দিয়ে চার হাত এক হল তাঁদের।

এক দশকের সম্পর্ক, পাঁচ সন্তান এবং দীর্ঘ দিনের একসঙ্গে পথচলার পর এবার আনুষ্ঠানিক ভাবে স্বামী-স্ত্রী হলেন ক্রিস্তিয়ানো রোনাল্দো ও জর্জিনা রদ্রিগেজ়। মাঠের বাইরেও যে রোনাল্দোর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় পূর্ণ হল, তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই তা স্পষ্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন