নজরবন্দি ব্যুরোঃ বাড়ির সামনে বোমাবাজি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুলে বেসুরো অর্জুন সিং। এবারের নির্বাচনে নিজের কেন্দ্রে সাতটি বিধানসভাতেই জয়ের টার্গেট করেছিলেন অর্জুন সিং। তবে ফল বেরনোর পর দেখা যায় মাত্র দুটি আসন ভাটপাড়া আর জগদ্দল হাতে এসেছে। বীজপুর থেকে ব্যারাকপুর, আমডাঙা, নৈহাটি, নোয়াপাড়া সর্বত্রই হারের মুখ দেখতে হয়েছে তাঁকে। এমন অবস্থায় দাপুটে অর্জুনের দাপট অনেকটাই কমে এসেছে। এরই মধ্যে রাজ্যে ভোট কেন্দ্রিক হিংসা অব্যাহত।
আরও পড়ুনঃ সুস্থ হচ্ছে দিল্লি, বাড়তি অক্সিজেন দিয়ে অভাবী রাজ্যগুলির পাশে দাঁড়াবে কেজরীওয়াল সরকার
এরই মধ্যে গতকাল বুধবার রাত দুটো নাগাদ মজদুর ভবন লক্ষ্য করে বোমাবাজি চালায় দুষ্কৃতীরা। এবার সেই প্রসঙ্গে খোভ উগড়ে দিলেন অর্জুন সিং। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। ঘটনার তদন্তে পুলিশ এলাকা পরিদর্শনে গেলে পুলিশের সামনেই অর্জুন সিং অভিযোগ করেন, তাঁকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অর্জুন বলেন “কেন্দ্রীয় সরকার শুধু আইন দেখিয়ে যাচ্ছে। কাজের কাজ কিছু হচ্ছে না।
সংবিধানের দোহাই দিয়ে বাংলায় ৩৫৬ লাগু করার জন্য তদন্ত করছে। কিন্তু এই তদন্ত হতে হতে বাংলায় হাজার মানুষ, দলীয় কর্মীরা ঘর ছাড়া হচ্ছে, তাদের বাড়ি লুঠপাট হয়ে যাচ্ছে। তাদেরকে মারধর করা হচ্ছে। বাংলার অবস্থা আবার ১৯৪৬-এর মত হতে চলেছে।” এরপর তাঁর সংযোজন “আমার বাড়িতে বোম মারা হচ্ছে। আমার কাল খুন হতে পারে, আমার পরিবারের কারও খুন হতে পারে। আমি আছি। সারা বাংলার মানুষ যারা প্রতিবাদ করতে চাইছে তারাও আছে। যেভাবে বাড়ির সামনে বোম মারা হল কী ভাবছে ? খুব মজা পেয়ে গেছে না ? এই মজাটার যখন উত্তর পাবে তখন মজাটা ভুলে যাবে। যেভাবে অত্যাচার শুরু হয়েছে আমরা অপেক্ষায় আছি মানুষ কবে প্রতিবাদ করবে।”
বাড়ির সামনে বোমাবাজি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুলে বেসুরো অর্জুন সিং। পাশাপাশি তিনি জানান তিনি প্রয়োজনে রক্ত দিতেও রাজি আছেন। এমন মন্তব্যের পরেই একদা বাহুবলি অর্জুনকে নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চরম জল্পনা।



