জল্পনার অবসান, প্লেব্যাকে ফিরছেন না অরিজিৎ, জানিয়ে দিলেন গায়কের ম্যানেজার

‘আওয়ারাপন ২’ ছবির গান ঘিরে অরিজিৎ সিংয়ের প্লেব্যাকে ফেরার জল্পনা উড়িয়ে দিলেন তাঁর ম্যানেজার। তবে সঙ্গীত পরিচালক আমাল মালিকের বক্তব্যে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বলিউডে কয়েক দিন ধরেই জোর জল্পনা চলছিল— প্লেব্যাক গানে অবসর ঘোষণার পর আবার নাকি ‘আওয়ারাপন ২’ (Awarapan 2) ছবির হাত ধরে ফিরছেন অরিজিৎ সিং (Arijit Singh)। কিন্তু সেই জল্পনায় এবার কার্যত জল ঢেলে দিলেন গায়কের ম্যানেজার। তাঁর স্পষ্ট বক্তব্য, এটি কোনও ‘কমব্যাক’ নয়। ছবির যে গান নিয়ে আলোচনা চলছে, সেটি বহু আগেই সই করা চুক্তির অংশ। নতুন করে প্লেব্যাকে ফেরার সিদ্ধান্ত নেননি অরিজিৎ।

সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে, ইমরান হাশমি (Emraan Hashmi) অভিনীত ‘আওয়ারাপন ২’-এর জনপ্রিয় গান ‘ইয়ে আওয়ারাপন’-এর নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। এমনও দাবি করা হচ্ছিল, খুব শীঘ্রই গানটি মুক্তি পাবে এবং এর মাধ্যমেই প্লেব্যাক গানে তাঁর প্রত্যাবর্তন ঘটবে। তবে গায়কের টিম এই দাবি খারিজ করেছে।

অরিজিতের ম্যানেজার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অবসর ঘোষণার আগেই যে সব ছবির জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন, শুধুমাত্র সেই বাকি থাকা কাজগুলি তিনি সম্পূর্ণ করছেন। ‘আওয়ারাপন ২’-এর গানও সেই তালিকারই একটি। ফলে এটিকে নতুন করে প্লেব্যাকে ফেরা হিসেবে দেখার কোনও কারণ নেই।

উল্লেখ্য, ২০২৪ সালের শুরুতে অরিজিৎ সিং প্লেব্যাক গায়কি থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে অনুরাগীদের চমকে দিয়েছিলেন। তবে তখনই তিনি জানিয়েছিলেন, ইতিমধ্যে সই করা সমস্ত চুক্তির কাজ শেষ করার পরেই তিনি সম্পূর্ণ বিরতি নেবেন। সেই প্রতিশ্রুতিই তিনি পালন করছেন বলে তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি।

তবে এই ব্যাখ্যার সঙ্গে একমত নন সঙ্গীত পরিচালক আমাল মালিক (Amaal Mallik)। সামাজিক মাধ্যমে তিনি দাবি করেছেন, “আমি শেষবারের মতো বলছি, এটা কোনও পুরনো চুক্তি নয়। কয়েক মাস আগে আমি এই সুরটি অরিজিতের কাছে পাঠিয়েছিলাম এবং মাত্র গত সপ্তাহেই তিনি গানটি গাওয়ার জন্য সম্মতি দিয়েছেন।” তাঁর এই মন্তব্যের পর গোটা বিষয়টি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

প্রসঙ্গত, প্রযোজক বিশেষ ভাট (Vishesh Bhatt) এবং অরিজিৎ সিংয়ের দীর্ঘদিনের পেশাদার সম্পর্ক রয়েছে। ‘মার্ডার ২’ (Murder 2)-এর ‘ফির মহব্বত’, ‘আশিকী ২’ (Aashiqui 2)-এর ‘তুম হি হো’ এবং ‘সিটিলাইটস’ (CityLights)-এর ‘মুসকুরানে’-র মতো একাধিক সুপারহিট গান এই জুটির হাত ধরেই এসেছে। সেই সম্পর্কের ধারাবাহিকতায় ‘আওয়ারাপন ২’-এর গানেও অরিজিতের কণ্ঠ শোনা যাবে বলে জানা যাচ্ছে।

তবে আপাতত একটি বিষয় স্পষ্ট— ‘আওয়ারাপন ২’-এর গান থাকলেও সেটিকে অরিজিৎ সিংয়ের প্লেব্যাকে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন বলা যাচ্ছে না। তাঁর টিমের বক্তব্য অনুযায়ী, এটি কেবল আগের চুক্তির কাজ সম্পূর্ণ করারই অংশ। অন্যদিকে, আমাল মালিকের বক্তব্য এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। ফলে গানটি মুক্তির পরই হয়তো পুরো বিষয়টি আরও স্পষ্ট হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন