নজরবন্দি ব্যুরোঃ বীরভূম ছাড়িয়ে ভোট প্রচারে গোটা বাংলাতে দেখা যাবে ‘কেষ্ট’লীলা। তিনি ‘গুড়-বাতাসা’ খাইয়ে ভোট করিয়ে দেন। আবার ভোটে জিতে চরাম চরাম করে ঢাক বাজানোর হুঁশিয়ারিও দেন। বীরভূমের একচ্ছত্র অধিপতি তিনি। তিনি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বরাবর তৃণমূলকে বীরভূমের ভোট বৈতরণী পার করাতে বড় ভূমিকা নিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ দেশে বাড়ছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ! ৫টি জায়গায় সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে NIA
তবে এবার নির্বাচনে শুধু বীরভূম নয় গোটা রাজ্যেই দেখা যাবে কেষ্টর খেলা। তৃণমূল সূত্রে খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবারে নিজের জেলার গণ্ডি ছাড়িয়ে গোটা রাজ্যেই প্রচারে দেখা যাবে অনুব্রতকে। রাজ্যে ৮ দফা ভোট শুরু হচ্ছে ২৭ শে মার্চ। অন্যদিকে বীরভূমে ভোট হবে শেষ দফায়। অর্থাৎ ২৯ শে এপ্রিল। তাই তার আগে হাতে রয়েছে বেশ কিছু সময়। অন্য জায়গায় এর মধ্যেই শুরু হয়ে যাবে। রাজ্যে এবার নবান্ন দখলের জন্য টানটান লড়াই। তাই অনুব্রতর মত দাপুটে নেতার গোটা রাজ্যে প্রচারে আসা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
একুশের ভোট প্রচারে এবার ‘স্টার ক্যাম্পেনার’ এর মুখ হতে চলেছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং রাজ্য নেতৃত্বের নির্দেশেই মঙ্গলবার বাঁকুড়া জেলা থেকে প্রচার শুরু করবেন তিনি। জেলা তৃণমূল কংগ্রেসের দাবি, ‘শুধু এবার নয়, আগেও বহু নির্বাচনে বিভিন্ন জেলার তৃণমূল নেতৃত্ব দাদাকে অর্থাত্ অনুব্রত মণ্ডলকে ভোট প্রচারে নিয়ে আসার জন্য রাজ্য কমিটিকে জানিয়েছিল। প্রতিবারই নিজের জেলার ভোটের চাপে অন্য জেলাগুলিতে সেভাবে যেতে পারেন না তিনি। গত লোকসভা নির্বাচনে রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশে বাঁকুড়াতে একবার গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এবার আরও বেশি জেলায় যাবার কথা বলা হয়েছে।’
বীরভূম ছাড়িয়ে ভোট প্রচারে গোটা বাংলাতে দেখা যাবে ‘কেষ্ট’লীলা। সূত্রের খবর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের ভোট প্রচারে যাবার জন্য আপাতত বলা হয়েছে অনুব্রত মণ্ডলকে। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট প্রচারে মাঠে নামছেন অনুব্রত মণ্ডল।



