নজরবন্দি ব্যুরোঃ পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার বোলপুরে অনুব্রত মণ্ডলের বিরাট খামারবাড়ির হদিশ মিলল। বোলপুরের সিয়ান এলাকায় প্রায় ৫০ বিঘে জমির ওপর খামার বাড়ি। সেখানে চাষবাস হত। সেই জমি অনুব্রতর বলে জানিয়েছেন কেয়ারটেকার। এমনকি মাঝে মধ্যেই অনুব্রত এখানে আসতেন বলেও জানিয়েছেন তিনি। বোলপুরে অনুব্রতর চোখ ধাঁধানো খামারবাড়ি এখন সংবাদমাধ্যমের নজরে।
আরও পড়ুনঃ Anupam Hazra: সম্পত্তির বহরে পার্থকে টেক্কা দেবে কেষ্ট, দাবি অনুপমের


কেয়ারটেকারের দাবি, বছর কুড়ি আগে এই সম্পত্তি কেনেন অনুব্রত। সেখানে মাছ, সবজি সমস্ত কিছু চাষ হয়। এমনকি অনুব্রতর বোলপুরে নীচুপট্টির বাড়িতে কাজ করতেন বাগানবাড়ির পরিচারিকার আত্মীয়। এমনিতেই অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তি নিয়ে চোখ ধাঁধিয়েছে সিবিআইয়ের এর মধ্যে ৫০ বিঘের খামার দেখে তাজ্জব আমজনতা।

অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের দু’টি সংস্থার হদিশ পেয়েছে সিবিআই। দুটিতেই অন্যতম অংশীদার হিসাবে রয়েছেন অনুব্রত মণ্ডল। এইসব বিষয়গুলি নিয়েই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, সুকন্যার নামে থাকা একটি অ্যাগ্রো কেমিক্যাল সংস্থার ২৫ শতাংশ অংশীদার অনুব্রত, ৭৫ শতাংশ সুকন্যার। এমনকি একাধিক রাইসমিলের হদিশ পেয়েছে সিবিআই। মনে করা হচ্ছে, গরু পাচারের বিরাট অঙ্কের টাকা এই কাজেই ব্যবহার করতেন অনুব্রত।
গত সপ্তাহেই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে সাপ্লিমেন্টরি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে বিকাশ মিশ্র, সায়গল হোসেন সহ একাধিক জনের নাম রয়েছে। ৮০ পাতার চার্জশিটে ৪৫টি সম্পত্তির নথি মিলেছে অনুব্রত, তাঁর পরিবার ও সায়গল হোসেনের নামে।


বোলপুরে অনুব্রতর চোখ ধাঁধানো খামারবাড়ি, শুরু চর্চা

এই মামলায় ইতিমধ্যেই সতীশ কুমার, এনামুল হক, বিকাশ মিশ্র একাধিক অভিযুক্তদের বয়ানে অনুব্রত মণ্ডলদের নাম উঠে আসতে দেখা গেছে। সূত্রের খবর, এই মামলায় একাধিক পুলিশ কর্মীর যোগ পেয়েছে সিবিআই। আগামী দিনে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদেরকেও তলব করতে পারে তদন্তকারী অফিসাররা।







