আচমকাই প্রয়াত হলেন লাইবেরিয়ার ফুটবলার আনসুমানা ক্রোমার স্ত্রী বঙ্গকন্যা পূজা দত্ত। বুধবার সকালে এক আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের স্ত্রীর মৃত্যুর খবর জানান ক্রোমা। তাঁর এই দুঃসংবাদে স্তব্ধ হয়ে গেছে ভারতীয় ফুটবল মহল।
ক্রোমার স্ত্রী পূজা দত্তের মৃত্যুতে শোকস্তব্ধ ময়দান
২০১৯ সালে পূজা দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আনসুমানা ক্রোমা। বিয়ের পর পূজা নাম পরিবর্তন করে রেখেছিলেন সাদিয়া ক্রোমা। তাঁদের ঘরে জন্ম নেয় দুই সন্তান— বড় মেয়ের বয়স মাত্র ৫ বছর এবং ছোট সন্তানের বয়স মাত্র ২ মাস।
কিন্তু নিয়তির নির্মম পরিহাস— এই সুখের সংসারে হঠাৎই নেমে আসে শোকের অন্ধকার। কীভাবে বা কী কারণে পূজার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সবকিছুই ঘটেছে আচমকাই, কোনও রকম আগাম ইঙ্গিত ছাড়াই।
সোশ্যাল মিডিয়ায় ক্রোমা লেখেন, “তুমি আমাদের খুব তাড়াতাড়ি ছেড়ে গেলে, সাদিয়া। আমার মন ভেঙে চুরমার হয়ে গেছে। আমাদের সন্তানদের কীভাবে বলব, তাদের মা আর নেই। আমার স্ত্রী আল্লাহর কাছে ফিরে গেছেন, যেখানে একদিন সবাইকেই ফিরতে হবে।”
অল্পদিন আগেই ছিল পূজার জন্মদিন
মাত্র এক মাস আগেই পূজার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা লিখেছিলেন ক্রোমা। তখনও কেউ ভাবতে পারেননি, এত দ্রুতই সুখের স্মৃতি বদলে যাবে গভীর শোকে। পূজা ছিলেন অত্যন্ত প্রাণবন্ত, হাসিখুশি স্বভাবের মানুষ— এমনটাই জানিয়েছেন ক্রোমার ঘনিষ্ঠ বন্ধুরা।
ভালোবাসা থেকে সংসার— শেষ পর্যন্ত নিয়তির কাছে হার
ক্রোমা ও পূজার প্রেমকাহিনি শুরু হয়েছিল Facebook-এ। সেখান থেকেই শুরু হয় যোগাযোগ, এরপর সম্পর্ক, আর তারপর বিয়ে। একসময় কলকাতা ময়দানে ক্রোমার খেলার পাশাপাশি তাঁদের প্রেমও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ক্রোমা নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, “পূজা আমার জীবনে আসার পরই আমি নতুনভাবে বাঁচতে শিখেছি। সেই সময়ই মোহনবাগানে খেলার প্রস্তাব পাই।” কিন্তু যাঁকে পাশে পেয়ে নিজের জীবন ও কেরিয়ার গুছিয়ে নিচ্ছিলেন, সেই পূজাই আজ আর নেই।
ব্রেনস্ট্রোক থেকে বেঁচে ফিরেছিলেন ক্রোমা
২০২৪ সালের জুলাই মাসে ব্রেনস্ট্রোক-এ আক্রান্ত হয়েছিলেন আনসুমানা ক্রোমা। সেই সময় ডান পাশ প্রায় অসাড় হয়ে গিয়েছিল তাঁর। হাসপাতাল ও ঘরে দীর্ঘ চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন। আর সেই সময় পাশে ছিলেন তাঁর স্ত্রী পূজা, দিনরাত এক করে দেখভাল করেছিলেন স্বামীকে।
কিন্তু এবার ভাগ্যের নির্মম খেলায় পূজাই চলে গেলেন না-ফেরার দেশে। যাঁর যত্নে তিনি ফিরে পেয়েছিলেন জীবন, আজ সেই জীবনসঙ্গীনীই চিরবিদায় নিলেন।
ময়দানে শোকের ছায়া
কলকাতার ফুটবলপ্রেমীরা শোকস্তব্ধ। আনসুমানা ক্রোমা অতীতে মোহনবাগান, ইস্টবেঙ্গল, চার্চিল ব্রাদার্স ও সাম্প্রতিককালে নেরোকা এফসি-র হয়ে খেলেছেন। কলকাতা লিগেও তাঁর পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। ফুটবল মহলে তিনি শুধু খেলোয়াড় নয়, একজন প্রিয় মানুষ হিসেবেই পরিচিত ছিলেন।
পূজার অকালপ্রয়াণে শুধু ক্রোমা নয়, গোটা ময়দান আজ শোকে ডুবে। ক্রীড়া মহলের বার্তা— “এই শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়।”



