নজরবন্দি ব্যুরো: ফের অগ্নিকান্ডের জেরে পুড়ে ছাই গুদাম সহ ১০টি ঝুপড়ি। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ৯ নম্বর গুরুসদয় দত্ত রোডে একটি গাড়ির যন্ত্রাংশের গুদামে হঠাৎই আগুন লাগে। গাড়ির যন্ত্রাংশের গুদামে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আর তাতেই পুড়ে ছাই হয়ে যায় গুদাম সংলগ্ন আশপাশের আট থেকে দশটি ঝুপড়ি। স্থানীয় সূত্রের খবর, ভোর বেলা কুয়াশার সঙ্গে হাওয়া থাকায় গুদাম থেকে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঝুপড়িতে।
আরও পড়ুনঃট্র্যাক্টর মিছিলের শুরুতেই ছোঁড়া হল কাঁদানে গ্যাস।
ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আতঙ্কে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে এলাকায় দমকল কর্মীরা এসে আগুন নেভায়। তবে স্থানীয়দের অভিযোগ অনেক আগে দমকলবাহিনিকে খবর দেওয়া সত্ত্বেও তাঁরা দেরিতে আসায় আগুন নেভাতে নেভাতে সবটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
এতে কারও প্রাণহানি হয়নি। কী থেকে এই আগুন তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা বলে জানিয়ছেন তাঁরা। উল্লেখ্য, গতকাল সকালেই রাজাবাজারের নারকেলডাঙার ঝুপড়িতে আগুন লাগে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় কয়েকটি ঝুপড়ি। শীতের মধ্যে নিরাশ্রয় হয়ে পড়েন নারকেলডাঙার বেশ কয়েকজন বাসিন্দা। ১৩ তারিখ বাগবাজারে বিধ্বংসী আগুনে নিঃস্ব হয়ে গিয়েছেন প্রায় ৭০০ জন ঝুপড়ি বাসী।
১০০টির বেশি ঘর আগুনে ভস্মীভূত হয়েছে। ১৩ তারিখ রাতে নিরাশ্রয়দের কোনও রকমে মাথা গোঁজার ঠাঁই মেলে বাগবাজার মহিলা কলেজ ও কমিউনিটি হলে। অনেকেরই মূল্যবান নথিপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দেখা গিয়েছে, ছাই সরিয়ে ধিকিধিকি আগুন আর ধোঁয়ার মধ্যেই নিজেদের শেষ সম্বলটুকুর সন্ধান করে চলেছেন নিঃসহায় মানুষ।



