কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বুধবার, ১ জুলাই, উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, ১ কোটিরও বেশি উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাবেন। একই সঙ্গে চালু হয়েছে অনলাইনে আবেদনপত্রের স্ট্যাটাস দেখার সুবিধা, ফলে আবেদন গ্রহণ হয়েছে কি না, তা এখন ঘরে বসেই জানা যাবে।
রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জুলাই দুপুর ১২টায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম (Netaji Indoor Stadium)-এ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং নারী ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)-এর। সেখান থেকেই প্রথম দফায় কতজন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এদিকে, যাঁরা ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছেন, তাঁদের জন্যও এসেছে গুরুত্বপূর্ণ আপডেট। এতদিন পর্যন্ত অনলাইনে আবেদন জমা পড়েছে কি না বা বর্তমান স্ট্যাটাস জানা যাচ্ছিল না। এখন সোশ্যাল রেজিস্ট্রি (Social Registry) পোর্টালে নতুন অপশন যুক্ত হওয়ায় আবেদনকারীরা নিজেরাই স্ট্যাটাস দেখে নিতে পারবেন।
স্ট্যাটাস জানতে প্রথমে https://socialregistry.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এরপর নিজের জেলা নির্বাচন করে, আবেদন করার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন, সেই নম্বর দিয়ে লগইন করতে হবে। মোবাইলে আসা ওটিপি (OTP) যাচাই করার পর আবেদন সংক্রান্ত তথ্য দেখা যাবে।
যাঁরা অনলাইনে আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রে আবেদন সফলভাবে জমা পড়ে থাকলে Application Submitted অপশন দেখা যাবে। সেখান থেকেই আবেদনপত্র ডাউনলোড করা যাবে।
অন্যদিকে, যাঁরা অফলাইনে আবেদন করেছেন কিন্তু এখনও তাঁদের তথ্য পোর্টালে আপলোড হয়নি, তাঁদের ক্ষেত্রে নতুন আবেদন ফর্ম খুলতে পারে। সেই পরিস্থিতিতে আবেদনকারী চাইলে অনলাইনেও আবেদন সম্পূর্ণ করতে পারবেন।
আবেদনের বর্তমান অবস্থাও এখন সহজেই জানা যাবে। যদি Approved লেখা থাকে, তাহলে আবেদন অনুমোদিত হয়েছে। Verified দেখালে বোঝাবে জমা দেওয়া নথি সফলভাবে যাচাই হয়েছে। Payment Processed লেখা থাকলে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর Pending Verification দেখালে বুঝতে হবে, সরকারি স্তরে নথি যাচাই এখনও শেষ হয়নি।
সরকারি সূত্রে জানা গিয়েছে, যাঁদের আবেদন যাচাই সম্পূর্ণ হবে এবং অনুমোদন মিলবে, তাঁদের অ্যাকাউন্টেই ধাপে ধাপে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাঠানো হবে।






