পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই অন্যতম প্রধান প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, এই প্রকল্পের জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বিপুল বরাদ্দ বলে দাবি সরকারের।
সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী একাধিক জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করেন। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে অন্নপূর্ণা যোজনা। সরকারের মতে, পরিবারের মহিলা সদস্যদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে গেলে তা শুধু ব্যক্তিগত নয়, গোটা পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ দ্রুত এগোচ্ছে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ আবেদনকারীর নাম সরকারি পোর্টালে আপলোড করা হয়েছে। সরকারের দাবি, গত ৩ জুন প্রায় ২৮ লক্ষ মহিলা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাঠানো হয়েছে।
অন্নপূর্ণা যোজনার পাশাপাশি সামাজিক সুরক্ষা ক্ষেত্রেও বড় পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধি করার প্রস্তাব রাখা হয়েছে। এই সিদ্ধান্তে বিপুল সংখ্যক উপভোক্তা উপকৃত হবেন বলে আশা প্রশাসনের।
মহিলাদের জন্য আরও একটি উল্লেখযোগ্য ঘোষণা হল সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালিয়ে যাওয়ার জন্য ৫৫০ কোটিরও বেশি টাকা বরাদ্দ। পাশাপাশি গর্ভবতী মায়েদের জন্য ছয়টি করে পুষ্টি কিট দেওয়ার প্রকল্পও চালু রাখা হবে বলে জানানো হয়েছে।
অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, বাসস্থানের প্রমাণ, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন। সরকার স্পষ্ট জানিয়েছে, সুবিধা পেতে আধার-সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখা বাধ্যতামূলক।
বাজেটে কর্মসংস্থান নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে ১ লক্ষ শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। নিয়োগের তালিকায় রয়েছে ২০ হাজার পুলিশ কর্মী এবং ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী।
এছাড়া যেখানে প্রযোজ্য, সেখানে সরকারি চাকরিতে ১০ শতাংশ পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষণের কথাও ঘোষণা করা হয়েছে। চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল, সরকারি চাকরির বয়সসীমায় অতিরিক্ত ৫ বছরের ছাড় দেওয়া হবে। এই সুবিধা আগামী দুই বছর কার্যকর থাকবে।
সব মিলিয়ে এবারের বাজেটে নারী কল্যাণ, সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকার বরাদ্দ সরকারের অন্যতম বড় রাজনৈতিক ও অর্থনৈতিক বার্তা, যা আগামী দিনে রাজ্যের সামাজিক কাঠামোয় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।



