বাংলা চলচ্চিত্র জগতে শোকের আবহ। পরিচালক অনীক দত্তর মৃত্যুর পর শেষকৃত্য কবে হবে, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। বুধবারই শেষকৃত্য হচ্ছে না বলে জানিয়েছেন পরিচালকের ঘনিষ্ঠ মহল। পরিবারের এক সদস্য বিদেশে থাকায় তাঁর ফেরার অপেক্ষা করা হচ্ছে। সেই কারণেই বৃহস্পতিবার দুপুর বা বিকেলে শেষকৃত্য সম্পন্ন হতে পারে বলে জানা গিয়েছে।
পরিচালকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার থেকেই হাসপাতালে ভিড় জমিয়েছেন টলিউডের অভিনেতা, অভিনেত্রী, পরিচালক এবং সাংস্কৃতিক মহলের বহু পরিচিত মুখ। রাজনৈতিক মহলের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত হন।
হাসপাতাল থেকে বেরিয়ে অনীক দত্তকে স্মরণ করে শতরূপ ঘোষ বলেন, অনীক দত্ত তাঁর কাজের মধ্য দিয়ে নিজেকে আলাদা জায়গায় নিয়ে গিয়েছিলেন। তাঁর পরিচালিত ‘অপরাজিত’ ছবির প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, “তিনি সত্যিই অপরাজিত ছিলেন।”
অন্যদিকে অভিনেতা ও বিধায়ক রুদ্রনীল ঘোষ হাসপাতাল গিয়ে পরিচালকের প্রতি শ্রদ্ধা জানান। তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে নন্দনে অনীক দত্তর মরদেহ রেখে সাধারণ মানুষের শেষ শ্রদ্ধা জানানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরিচালকের পরিবার। পরিবার সম্মতি দিলে সেই উদ্যোগ নেওয়া হতে পারে।
সূত্রের খবর, হাসপাতাল থেকে মরদেহ নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্ত করা হবে। সেই রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সন্দেহ করা হলেও এখনও পর্যন্ত কোনও সরকারি চূড়ান্ত মন্তব্য করা হয়নি। তদন্তকারী সংস্থার বক্তব্য, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখেই সিদ্ধান্তে পৌঁছনো হবে।
জানা গিয়েছে, গত কিছু সময় ধরে শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন অনীক দত্ত। শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল বলেও সূত্রের দাবি। তিনি দক্ষিণ কলকাতার আবাসনের ফ্ল্যাটে একাই থাকতেন।
বাংলা সিনেমায় নিজের স্বতন্ত্র নির্মাণভঙ্গি এবং ব্যঙ্গাত্মক গল্প বলার জন্য আলাদা পরিচিতি তৈরি করেছিলেন অনীক দত্ত। তাঁর প্রয়াণে টলিউডে তৈরি হয়েছে গভীর শূন্যতা।



