রবিচন্দ্রন অশ্বিনের ১০০তম ম্যাচে নয়া মাইলফলকে পৌঁছলেন ইংল্যান্ডের সিনিয়র তারকা পেসার জিমি অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার হিসেবে ৭০০টি উইকেটের মালিক হলেন জেমস অ্যান্ডারসন। সব মিলিয়ে ক্রিকেট বিশ্বের তৃতীয় বোলার হিসেবে এই রেকর্ড গড়েছেন জিমি।
আরও পড়ুনঃ প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, ওয়েনাড়েই রাহুল, কোন আসনে প্রিয়াঙ্কা?



এর আগে দুই কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরন ও শেন ওয়ার্ন টেস্টে ৭০০টি উইকেট নিয়েছিলেন।শনিবার সকালে ধরমশালা টেস্টের তৃতীয় দিন কুলদীপ যাদবকে আউট করে অনন্য এই নজির গড়লেন অ্য়ান্ডারসন। ৬৯৮ উইকেট নিয়ে ধরমশালায় খেলতে নেমেছিলেন অ্যান্ডারসন। শুভমান গিলকে ফিরিয়ে দিয়ে ৬৯৯-তম উইকেটটি ঝুলিতে সংগ্রহ করেন।



৭০০ উইকেটের মাইলফলক ছুঁতে শ্রীলঙ্কান কিংবদন্তি মুরলীর লেগেছিল ১১৩টি টেস্ট। ওয়ার্ন একই মাইলফলক ছুঁয়েছিলেন ১৪৪-তম ম্যাচে। অ্যান্ডারসনের নিলেন ১৮৭টি ম্যাচ। ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারী অবশ্য মুরলীই। তাঁর ঝুলিতে ৮০০ উইকেট। ইংরেজ অ্যান্ডারসনের সামনে এখন ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্ন। ২০০৩ সালে অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার হিসেবে ৭০০টি উইকেটের মালিক অ্যান্ডারসন

তখন জন্মও হয়নি ইংল্যান্ড দলে খেলা রেহান আহমেদ শোয়েব বশিরদের। টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়ে ২০১৫ সাল থেকে ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেট খেলা ছেড়ে দেন অ্যান্ডারসন। তার পর থেকে শুধু টেস্টেই দেখা যায় তাঁকে। ইংল্যান্ড দল অ্যান্ডারসনের বয়সের কথা মাথায় রেখে তাঁকে বিশ্রাম দিয়ে খেলায়। তার পরেও ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেললেন অ্যান্ডারসন।







