মমতাকে বারমুডা পরার নিদান, দিলীপের বিরুদ্ধে FIR দায়ের হলো পুরুলিয়ায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  মমতাকে বারমুডা পরার নিদান! বিতর্কিত মন্তব্য করে এর আগেও একাধিক বার খবরের শীর্ষে থেকেছেন বিজেপির রাজ্য সভাপতি। কখনো রাজনৈতিক উস্কানিমূলক মন্তব্য, তো কখনো ব্যাক্তি আক্রমণ। বিজেপির রাজ্য সভাপতি কিছু না কিছুই বলেই থাকেন। মাঝে কিছুদিন চুপ থাকলেও ভোটের প্রচার কালে মুখ্যমন্ত্রীকে ব্যাক্তিগত স্তরে  গিয়ে আক্রমণ করেছিলেন তিনি। সেই নিয়ে জলও গড়িয়েছিলো বহুদূর। এবার সেই মন্তব্যের  ভিত্তিতে দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় FIR দায়ের করলেন তৃণমূলের নেতা।

আরও পড়ুনঃ আর নয় ব্যাটিং, বামফ্রন্টের চেয়ারম্যান পদ ছাড়ার ইচ্ছেপ্রকাশ বিমান বসুর।

মনোনয়ন জমা দিতে গিয়ে পায়ে আঘাত পেয়ে প্রায় মাস খানেক হুইল চেয়ারে ঘুরেছেন মমতা। ভোট মিটিয়ে বাড়ি ফিরে সেই প্লাস্টার কাটিয়ে হাঁটছেন আবার। মাঝের পুরো নির্বাচনী প্রচার কার্জত হুইলচেয়ারেই দাপিয়ে বেড়িয়েছেন তিনি। আর সেই নিয়েই কটাক্ষ করে পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার দলের প্রার্থীর প্রচারে গিয়ে বিজেপি-র রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রীকে বারমুডা পরার নিদান দিয়েছিলেন।

ভরা সভা থেকে তিনি বলেছিলেন,  ‘‌প্লাস্টার কাটা হয়ে গেল। ফের ব্যান্ডেজ বাধা হয়ে গিয়েছে। আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছে। শাড়ি পরে এসে একটা পা ঢাকা। একটা খোলা। এমন শাড়ি পড়তে দেখিনি। যদি পা বের করে রাখেন, তবে শাড়ি কেন বারমুডা পরতে পারেন। তাহলে পরিষ্কার দেখা যায়। কত নাটক দেখব আর।‌’‌ এখানেই থামেননি দিলীপ ঘোষ।

তৃণমূলের এই নির্বাচনে প্রচারের মূল মন্ত্র, ‘‌বাংলা নিজের মেয়েকেই চায়’‌। তা নিয়েও খোঁচা দিয়েছেন তিনি। বললেন, ‘‌দিদি বলছেন আমি একজন মহিলা। আমাকে ভোট ভিক্ষা দিন। আমি বাংলার মেয়ে। বাংলার মেয়ে যা দুর্দশা করেছে, আর কেউ চায় না তাঁকে। এবার মেয়ের হাত থেকে মুক্তি চায়।’‌ তিনি এও বললেন, ‘‌মেয়ের বিয়ে হয়ে গেলে বেশি দিন বাপের বাড়িতে থাকলে লোকে খারাপ কথা বলে।’ এই মন্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল নেতৃত্ব। হয় বহু বিতর্কও।

এবার দিলীপের ওই মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে FIR দায়ের করলেন, মানবাজার দু’নম্বর ব্লক তৃণমূল সভাপতি সুজিতকুমার মাহাতো। তাঁর বক্তব্য, “বাংলার মেয়েকে এভাবে কু’কথা বলে আক্রমণ জঙ্গলমহল, বান্দোয়ানের মানুষ মেনে নিতে পারেননি। তাই এখানে বিপুল ভোটে তৃণমূল জয়লাভ করেছে।” ওই বিধানসভায় তৃণমূলের প্রার্থী প্রায় ১৮ হাজারের বেশি ভোটে জয় লাভ করেছেন। সুত্রের খবর ঘটনার দিনের দিলীপের মন্তব্যের ভিডিওর ওপর ভিত্তি করে শুরু হয়েছে তদন্ত।

মমতাকে বারমুডা পরার নিদান, দিলীপের বিরুদ্ধে FIR দায়ের হলো পুরুলিয়ায়। অন্যদিকে ভোট পরবর্তী বাংলার রাজনৈতিক হিংসার কারণ হিসেবেও ঘাসফুল শিবির থেকে পদ্মের নেতাদের ভোটের প্রচার জুড়ে উস্কানি মূলক মন্তব্যকেই দায়ী করছে ঘাসফুল শিবির। সেই কারণেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে ভোট পূর্ব এবং চলাকালীন প্রচারে দায়িত্ব জ্ঞানহীন ভাবে উস্কানি মূলক মন্তব্যের কারণে মানিকতলা থানায় FIR দায়ের করেছে উত্তর কলকাতা যুব তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত