কল্যাণী AIIMS-এ চালু হল নতুন AMRIT Pharmacy, যেখানে জীবনদায়ী ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম মিলবে বাজারদামের তুলনায় বহু কম দামে। শনিবার দিল্লি থেকে এক অনুষ্ঠানে দেশের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা একযোগে ১০টি AMRIT Pharmacy উদ্বোধন করেন। স্বল্প খরচে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার সরকারি উদ্যোগের নতুন অধ্যায় হিসেবে এই কেন্দ্রগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দাবি মন্ত্রকের।
প্রাথমিকভাবে AMRIT Pharmacy-র মূল লক্ষ্য, এমন সমস্ত রোগীকে সহায়তা করা যাঁরা উচ্চমূল্যের ওষুধ কিনতে হিমসিম খান। অনেকে চিকিৎসার মাঝপথে থেমে যান শুধুমাত্র দামি ওষুধ বা ইমপ্ল্যান্ট কেনার অসুবিধায়। এই সমস্যা দূর করতেই ২০১৪ সালে কেন্দ্রীয় সরকার AMRIT প্রকল্প শুরু করে এবং পরবর্তীতে দেশজুড়ে জনওষধি কেন্দ্র গড়ে তোলে।


জেপি নাড্ডা জানান, AMRIT Pharmacy চালুর অন্যতম উদ্দেশ্য হল মানুষকে আর্থিক স্বস্তি দিয়ে উন্নত স্বাস্থ্যপরিষেবার নাগালে আনা। বর্তমানে দেশের ২৪টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্পের সাফল্যের পরে এখন আরও বিস্তৃত হচ্ছে এই পরিষেবা। দেশে ইতিমধ্যেই ২৫৫টিরও বেশি আউটলেট চালু রয়েছে; নতুন ১০টি কেন্দ্র যুক্ত হওয়ায় সুলভ চিকিৎসার পথ আরও প্রশস্ত হল।
নতুন চালু হওয়া কেন্দ্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হল AIIMS কল্যাণী, PGI Neuroscience Centre চণ্ডীগড়, GMCH জম্মু, স্টেট ক্যান্সার ইনস্টিটিউট জম্মু, AIIMS দেওঘর, শ্রীনগর ডেন্টাল হসপিটাল, SCTIMST ত্রিবান্দ্রম, মুম্বই পোর্ট ট্রাস্ট, IIT যোধপুর এবং AIIMS গোরক্ষপুর।
এই AMRIT Pharmacy কেন্দ্রগুলিতে নামীদামি সংস্থার ওষুধ মিলবে বাজারদামের তুলনায় অনেকটাই কম দামে। বিশেষজ্ঞদের দাবি, বেশ কিছু জীবনদায়ী ওষুধের দাম MRP-এর তুলনায় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কম হতে পারে। কার্ডিওলজি, অনকোলজি, অর্থোপেডিক্স, এন্ডোক্রিনোলজি সহ বিভিন্ন বিভাগের প্রয়োজনীয় ওষুধ ও যন্ত্রপাতি এখানে সুলভে পাওয়া যাবে।


স্বাস্থ্য মন্ত্রকের মতে, অনেক রোগী চিকিৎসার খরচে নাজেহাল হয়ে পড়েন। বেসরকারি হাসপাতালের বিল, দামি ওষুধের খরচ, সার্জিকাল ইমপ্ল্যান্টের অতি উচ্চ মূল্য— এই সবই পরিবারগুলোর উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করে। সেই কারণেই মন্ত্রী জানান, ভবিষ্যতে দেশের প্রতিটি সরকারি হাসপাতাল, জেলা হাসপাতাল, এমনকি বেসরকারি মেডিক্যাল কলেজেও AMRIT Pharmacy থাকা উচিত।
কল্যাণী AIIMS-এর নতুন AMRIT Pharmacy চালুর ফলে দক্ষিণবঙ্গের রোগীরা বিশেষভাবে উপকৃত হবেন। বিশেষত ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদি চিকিৎসার ক্ষেত্রে খরচ কমে গেলে বহু পরিবার নতুন করে আশার আলো দেখবেন। এই কেন্দ্রগুলিতে শুধু ওষুধ নয়, সার্জারি বা চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিশেষ ইমপ্ল্যান্ট এবং ডিভাইসও সাশ্রয়ী দামে পাওয়া যাবে বলেই জানানো হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভারতের মতো উন্নয়নশীল দেশে AMRIT প্রকল্প স্বাস্থ্যব্যবস্থাকে আরও মানবিক করে তুলছে। সরকারি দাবি, ভবিষ্যতে এই প্রকল্প আরও বিস্তৃত হবে, যাতে দেশবাসী সহজলভ্য ও সুলভ চিকিৎসার সুবিধা পায়।







