ফের বাংলায় অমিত শাহ, ১৮ জুলাই আমুলের মেগা প্রকল্প উদ্বোধন, পরদিন বিজেপির কৌশল বৈঠকে বড় বার্তার সম্ভাবনা

এক মাসে দ্বিতীয়বার পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৮ জুলাই হাওড়ার সাঁকরাইলে আমুলের দই কারখানার উদ্বোধনের পাশাপাশি ১৯ জুলাই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব, সাংসদ ও বিধায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করবেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আগামী ১৮ ও ১৯ জুলাই দু’দিনের রাজ্য সফরে শিল্প ও সংগঠন— দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। হাওড়ার সাঁকরাইলে আমুলের বৃহৎ দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি রাজ্য বিজেপির ভবিষ্যৎ সাংগঠনিক রূপরেখা নিয়েও বৈঠক করবেন শাহ।

সূত্রের খবর, ১৮ জুলাই হাওড়ার সাঁকরাইলে আমুলের নতুন দই উৎপাদন কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গুজরাটভিত্তিক এই সংস্থার দাবি, এটি বিশ্বের অন্যতম বৃহৎ দই উৎপাদন কেন্দ্র হতে চলেছে। প্রকল্পটি চালু হলে এলাকায় উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেই মনে করা হচ্ছে।

রাজ্য সরকারের দাবি, শিল্পবান্ধব পরিবেশের কারণে আমুল-সহ একাধিক বড় সংস্থা পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। সেই ধারাবাহিকতাতেই সাঁকরাইলের এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ১৯ জুলাইয়ের মূল গুরুত্ব থাকবে রাজনৈতিক কর্মসূচিতে। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ। সরকার গঠনের পর সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা, সাংগঠনিক সম্প্রসারণ এবং রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে খবর।

এছাড়াও রাজ্যের বিজেপি বিধায়ক ও সাংসদদের সঙ্গে পৃথক বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। প্রশাসন ও সংগঠনের মধ্যে সমন্বয়, জনসংযোগ বৃদ্ধি এবং আগামী রাজনৈতিক কর্মসূচি নিয়ে দিকনির্দেশ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে ১৯ জুলাই বিকেলে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

এক মাসের মধ্যে এটি অমিত শাহের দ্বিতীয় পশ্চিমবঙ্গ সফর। রাজনৈতিক মহলের মতে, শিল্প প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি এই সফরের সাংগঠনিক বৈঠক রাজ্য রাজনীতিতে আগামী দিনের বিজেপির কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন