নরজবন্দি ব্যুরোঃ বিধানসভা নির্বাচনে টার্গেট ছিল বাংলা। সর্বশক্তি দিয়ে প্রচারে নামতে চেয়েছিল রাজ্য সহ কেন্দ্রের নেতারা। কিন্তু সাফল্যের দরজা থেকে অনেক আগেই থেমে যায় বিজেপি রথ। বিধানসভায় বিরোধী দলের তকমা পেলেও আক্রমণের ঝাঁঝ কমেছে বঙ্গ বিজেপির। রাজ্যের চার পুর নির্বাচনের আগে বাংলায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। কিন্তু উর্ধ্বমুখী করোনাকালে বাংলায় অরুচি বিজেপি নেতাদের। সফর বাতিল করেছেন দুই নেতা।
আরও পড়ুনঃ করোনায় কাঁপছে টলিউড, এবার আক্রান্ত ঋতুপর্ণা ও ঋদ্ধি সেন


উল্লেখ্য, কিছুদিন আগেই নয়া রাজ্য কমিটি গঠন করেছে বঙ্গ বিজেপি। বদল করা হয়েছে জেলা সভাপতি পদেও। তারপরেই বাংলায় এসে রাজ্য নেতৃত্বদের সঙ্গে বৈঠক সারেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সফরের আগেই জেলা সভাপতিদের সমস্ত কমিটি গুছিয়ে ফেলার নির্দেশ তিনি। জানুয়ারি মাসের প্রথম দিকে আসার কথা ছিল তাঁর। কিন্তু বাতিল হয়েছে সেই সফর।

চলতি মাসের তৃতীয় সপ্তাহে কলকাতা সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। শোনা যাচ্ছিল আসানসোল এবং শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনী প্রচারে নামবেন তিনি। কিন্তু তা আপাতত বাতিল করা হয়েছে। বঙ্গ বিজেপির দাবী রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আগামী ২২ তারিখ রাজ্যের চার পুর এলাকার নির্বাচন। কিন্তু করোনা আবহে নির্বাচন পিছিয়ে নেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছে তাঁরা। তাঁদের বক্তব্য, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগরের তুলনায় বিধাননগরের করোনা পরিস্থিতি আরও খারাপ। সেখানকার নির্বাচন এক মাসের জন্য পিছিয়ে নেওয়ার আর্জি জানিয়েছে বঙ্গ বিজেপি। যদিও রাজনৈতিক মহলের ধারণা, অন্যান্য পৌরনিগমের প্রচারে বিজেপি জোর দিলেও বিধাননগর নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে তাঁদের। তাই ওই জায়গার নির্বাচন পিছিয়ে নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা।
করোনাকালে বাংলায় অরুচি, তারকা ছাড়াই প্রচারে বিজেপি

তবে শাহ-নাড্ডার বঙ্গ সফরে বিশেষ নজর ছিল বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে কী সিদ্ধান্ত নেবেন গেরুয়া শিবির। কারণ, গত কয়েকদিন ধরে বঙ্গ বিজেপিতে একের পর এক বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পর মুরলীধর সেন লেনে যেন নোনা ধরে গেছে। ক্ষত সারিয়ে কবে ছন্দে ফিরবে বঙ্গ বিজেপি? প্রশ্ন উঠছে।







