দিল্লি বিস্ফোরণ, তদন্তের সব তথ্য জনসমক্ষে প্রকাশ পাবে, জানালেন অমিত শাহ

লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর অকুস্থলে পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আহতদের দেখতে গেলেন হাসপাতালে, জানালেন— তদন্তে যা উঠে আসবে, সবই প্রকাশ করা হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ (Delhi Blast)-এর পর সরেজমিনে ঘটনাস্থলে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সোমবার সন্ধ্যায় সুভাষ মার্গ সিগন্যালে পার্ক করা একটি চারচাকা গাড়িতে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী। প্রাথমিক তদন্তে অন্তত আট জনের মৃত্যু ও একাধিক ব্যক্তির আহত হওয়ার খবর মিলেছে।

অমিত শাহ প্রথমে আহতদের দেখতে যান হাসপাতালে, তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন চিকিৎসকদের কাছ থেকে। এরপর তিনি সরাসরি লালকেল্লার বিস্ফোরণস্থলে যান এবং নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেন।

সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে শাহ বলেন, “সন্ধ্যা ৭টা নাগাদ বিস্ফোরণ ঘটে। একটি গাড়িতে বিস্ফোরণের কারণে আশেপাশের কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। কয়েক জনের মৃত্যু হয়েছে এবং কয়েক জন আহত হয়েছেন।” তিনি আরও জানান, “খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই দিল্লি পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ, স্পেশ্যাল ব্রাঞ্চ, NIA ও NSG ঘটনাস্থলে পৌঁছে যায়।”

অমিত শাহের বক্তব্যে দৃঢ় বার্তা, “আমি দিল্লির পুলিশ কমিশনার ও স্পেশ্যাল ব্রাঞ্চের প্রধানের সঙ্গে কথা বলেছি। প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যা উঠে আসবে, তা আমরা জনসমক্ষে প্রকাশ করব। গোপন কিছু থাকবে না।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ইতিমধ্যেই তদন্তভার পেয়েছে NIA, ঘটনাস্থলে উপস্থিত রয়েছে NSG ও ফরেন্সিক বিশেষজ্ঞ দলও। সিসিটিভি ফুটেজ, গাড়ির ধ্বংসাবশেষ ও রাসায়নিক নমুনা সংগ্রহ করে ফরেনসিক বিশ্লেষণ শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ আচমকা বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে যায় একাধিক গাড়ি। রাস্তায় ছড়িয়ে পড়ে দেহাংশ, আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। দমকলের ২০টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটি সাধারণ দুর্ঘটনা নয়। একটি পরিকল্পিত নাশকতা (Terror Angle in Delhi Blast) হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটিতে IED ডিভাইস (Improvised Explosive Device) ব্যবহার করা হয়েছিল।

অমিত শাহের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিস্ফোরণের খবর পাওয়ার পরই মোদী শাহের কাছ থেকে বিস্তারিত তথ্য চান এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলিকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন।

দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা বলেন, “সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে রেড সিগন্যালে ধীর গতিতে একটি গাড়ি থামে এবং সেখানেই বিস্ফোরণ ঘটে। আশপাশের যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। তদন্তে একাধিক সংস্থা কাজ করছে, কোনও দিক বাদ দেওয়া হচ্ছে না।”

বিস্ফোরণস্থলের ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে ক্রাইম ব্রাঞ্চ ও সাইবার সেল। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ট্রেস করার কাজ চলছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ধাতব টুকরো ও বুলেট খোলও পরীক্ষা করা হচ্ছে।

রাজধানীজুড়ে হাই অ্যালার্ট (High Alert in Delhi) জারি করা হয়েছে। মেট্রো স্টেশন, সরকারি ভবন ও বিমানবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। লালকেল্লা ও ইন্ডিয়া গেট চত্বরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী।

স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চপর্যায়ের বৈঠকে অমিত শাহ জানিয়েছেন, “এই তদন্ত সম্পূর্ণ স্বচ্ছভাবে চলবে। যে তথ্য বেরিয়ে আসবে, তা জনগণের সামনে প্রকাশ করা হবে। কোনও তথ্য গোপন রাখা হবে না।”

বিস্ফোরণের তদন্ত এখন কেন্দ্রীয় ফোকাসে। গোয়েন্দা সংস্থা, দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মিলিতভাবে কাজ করছে যাতে ঘটনার পেছনের মূল কারণ দ্রুত প্রকাশ্যে আসে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন