নজরবন্দি ব্যুরো: বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাইরে যখন প্রবল দাবদাহ সেইসময়ে বীরভূমে সভা করছেন তিনি। আর এই সভা থেকেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করেন অমিত শাহ। সভায় দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেন, ২০২৫-এই বাংলা থেকে বিদায় নেবে তৃণমূল।
আরও পড়ুন: Recruitment Scam: কেষ্টর জেলা থেকে ‘মমতা-ভাইপো’কে হুঁশিয়ারি, দুর্নীতি ইস্যুতে সরব অমিত শাহ

এদিনের সভায় অমিত শাহ বলেন, “দিদি ভাইপোর দুর্নীতি বন্ধ করতে একটাই সমাধান বিজেপি। বিজেপি সরকার আসতেই বন্ধ অনুপ্রবেশ থেকে গরু পাচার। ২০২৪-এর ভোটে আমাকে ৩৫ টি আসন দিন, তাহলে আর ২০২৫ এর দরকার পড়বে না। তাঁর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়রা টায় টায় ফুস হয়ে যাবে।”

বীরভূমের মাটিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, “আপনারা বাংলায় পদ্ম ফুল ফোটান। বিজেপি সরকার এলে আর কোনও সন্ত্রাস হবে না। রামনবমীতে কোনও অশান্তি হবে না।” বাংলায় এসে তৃণমূল সরকারের উৎখাতের ডাক দেন তিনি।

মমতাকে বানাতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিউরির সভা থেকে হুঙ্কার শাহের
আজকের সভায় মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শাহ বলেন, “বাংলার যুবকদের সঙ্গে চাকরি নিয়ে অন্যায় করছে। যুব সমাজের টাকায় অন্যায়ভাবে বাংলো তৈরি করেছে।” আরও বলেন, “বাংলায় দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলবেই। মমতা-ভাইপো যা পারেন করে নিয়েন।” প্রশ্ন তোলেন, “যাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে তাঁদের গ্রেফতার করা হবে না কেন? দুর্নীতি করছেন অথচ মোদীজি ধরলেই বলছেন অত্যাচার করা হচ্ছে।”



