নজরবন্দি ব্যুরোঃ রুশ সেনাদের তাণ্ডব বিধ্বস্ত গোটা ইউক্রেন। সেই ছবি সামনে আসতেই রীতিমতো শিউরে উঠছে বিশ্ববাসী। তার মধ্যেই রাশিয়ার তরফে দাবি করা হয়েছিল, কিভ ছেড়ে নাকি পালিয়ে গিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট। এমনকি তাকে নিরাপদে বের করে আনার পরামর্শ দিয়েছিল বাইডেনের আমেরিকা। তবে তা নাকচ করে দেন ভালোদিমির জেলেনিস্কি। তিনি ঘোষণা করেছিলেন, দেশ রক্ষার স্বার্থে যারা এগিয়ে আসতে চায় তাদের অস্ত্র তুলে দেবে সরকার। সেইমতো এবার ইউক্রেনে আগ্নেয়াস্ত্র হাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী!
আরও পড়ুনঃ Mamata Banerjee: জাতীয় কমিটির পর রাজ্য কমিটি, শীঘ্রই ঘোষণা করবেন মমতা


বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, গত শুক্রবার ১৮ হাজার অস্ত্র সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছে ইউক্রেন সরকার। তবে শুধু সাধারণ মানুষ নয়, দেশরক্ষার লড়াইয়ে এবার সামিল হয়েছে সেখানকার রাজনৈতিক নেতা-কর্মীরা। যারমধ্যে রয়েছেন কলকাতা ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র তথা সেদেশের সাংসদ সভিয়াতোস্লাভ ইউরাশ।
গত ২০১৩ সালে কলকাতা শহরে পড়তে এসেছিলেন ‘সার্ভেন্ট অফ দ্য পিপল’ পার্টির বর্তমান সাংসদ। পরে বেশকিছু সমস্যা দেখা দিলে দেশে ফিরে যান ইউরাশ। তিনিই নাকি সেদেশের সর্বকনিষ্ঠ সাংসদ। তবে বন্দুক ধরার প্রসঙ্গে তিনি বলেন,“আমরা ইউরোপের সবচেয়ে বড় জাতি। বিগত কয়েকদিন ধরে আমাদের উপর যেভাবে আক্রমন চালানো হচ্ছে তা মেনে নেওয়া সম্ভব নয়। আমাদের যা কিছু আছে তা নিয়েই আমরা লড়াই করব।”
ইউক্রেনে আগ্নেয়াস্ত্র হাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী! হার না মানার লড়াই

তিনি আরও বলেন, এটা আমাদের একার লড়াই নয়। পুতিন সরকার যেভাবে একের পর এক আইন অমান্য করে চলেছে তা মানা যায়না। তাই আন্তর্জাতিক আইন বাঁচানোর ক্ষেত্রে এই লড়াই সমান গুরুত্ব রাখে। বর্তমানে তার কথাই এখন মুখে মুখে সকলের। এক কথায় বলতে গেলে, তিনি এখন ইউক্রেনের অনুপ্রেরনা।









